অধিনায়কই খলনায়ক! পন্থ-হার্দিকদের ব্যর্থতায় কোটি কোটি টাকা জলে, কম বেতনেই সফল পাতিদাররা
ইতিমধ্যে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পন্থ। কী করবেন হার্দিক-রাহানেরা?
ঋষভ পন্থ (লখনউ সুপার জায়ান্টস): নির্দ্বিধায় বলা যায়, লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার ২৭ কোটি টাকা জলে গিয়েছে। এবছর লখনউ সবার শেষে। আইপিএল লিগ পর্ব মিটতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। হয়তো দলও ছাড়বেন। এবার করেছেন ৩১২ রান। একটা মাত্র হাফসেঞ্চুরি। গত বছর ছিল ২৬৯ রান। একেবারে শেষে নিয়মরক্ষার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন।
আরও পড়ুন:
পন্থের খারাপ নেতৃত্বের অসংখ্য উদাহরণ রয়েছে। যেমন রাজস্থান ম্যাচে বৈভবের বিরুদ্ধে পেসার মহসিন খানকে সেভাবে ব্যবহারই করলেন না। নেতৃত্বের চাপ ব্যাটিংয়ের উপর, আবার ব্যাটিংয়ে ব্যর্থতার চাপ নেতৃত্বের উপর- দু’টোই পন্থকে সমস্যায় ফেলছে। শুক্রবার এলএসজি এক বিবৃতিতে জানায়, পন্থ নিজেই অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। ফ্র্যাঞ্চাইজির তরফে যা মেনেও নেওয়া হয়েছে।
শ্রেয়স আইয়ার (পাঞ্জাব কিংস): একটা সময় পাঞ্জাব কিংসের প্লেঅফ খেলা নিশ্চিত ছিল। সেখান থেকে অল্পের জন্য মিস করেছে। পাঞ্জাব এখনও ট্রফি জেতেনি। তবে শ্রেয়স আইয়ার তাদের ভরসা দিচ্ছে। দুই মরশুমে ১১০০ রান। গড় ৫০-র বেশি। সেঞ্চুরি করেছেন। তাঁকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল পাঞ্জাব। এখনও পর্যন্ত পয়সা উশুল। শুধু ট্রফি জিতলেই ষোলো কলা পূর্ণ।
আরও পড়ুন:
দলের মধ্যে হাজারও কোন্দল। ব্যাটে-বলেও ছন্দে নেই ১৬.৩৫ কোটির হার্দিক পাণ্ডিয়া। সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্স থেকে বিদায় আসন্ন হার্দিকের। অথচ একইরকম খারাপ পারফরম্যান্সে দিব্যি আছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। নেহাত বৈভব সূর্যবংশী ও জোফ্রা আর্চার ছিল বলে রক্ষে। নাহলে ১৪ ম্যাচে ৩০৯ রান করে প্রথম দলে থাকাই মুশকিল হত রিয়ানের।
অজিঙ্ক রাহানে (কলকাতা নাইট রাইডার্স): প্রথম ছয় ম্যাচে জয়হীন। তারপর টানা জিতে প্লেঅফের দৌড়ে আসে নাইটরা। দলের লড়াকু মানসিকতা বজায় রাখা নিঃসন্দেহে অধিনায়ক রাহানের কৃতিত্ব। তবে মুশকিল তাঁর ফর্ম। ১৩৫ স্ট্রাইক রেটে ৩৩৫ রান করেছেন। পাওয়ারপ্লে’র পর ব্যাট চলছে না। যেন অধিনায়ক বলেই প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন। মাত্র দেড় কোটি দাম বলে হয়তো দলে থেকে যাবেন, কিন্তু পরের মরশুমে নতুন নেতা খুঁজবে কেকেআর।