‘রোজ গোবিন্দাকে খুনের চেষ্টা! ভাঙা ঘর আর কি ভাঙব?’, পরকীয়া গুঞ্জনে সুনীতাকে চ্যালেঞ্জ কোমল রানির
বাবার বয়সি নায়কের সঙ্গে প্রেম! স্ত্রী হিসেবে সুনীতার ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন তুলে অন্দরের কিসসা ফাঁস করলেন ‘গোবিন্দা-প্রেয়সী’।
'পশুদেরও অধম' বলে খোঁচা দিয়েছিলেন সুনীতা। এবার কোমলের পালট, "যে মহিলা রোজ নিজের স্বামীকে মেরে ফেলার চেষ্টা করে, এমন নারীর অভিশাপ কারও গায়ে লাগে না।" স্ত্রী হিসেবে সুনীতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কোমলের খোঁচা, "কোনও মহিলা কষ্ট-যন্ত্রণায় থাকলে তাঁর আগে সেই ক্ষত সারানোর কথা। তা না করে সেটাকে জনসমক্ষে তুলে ধরে যদি আনন্দ পান, সেটা কি আদতেই যন্ত্রণা নাকি ষড়যন্ত্র?"
আরও পড়ুন:
বাবার বয়সি গোবিন্দার সঙ্গে পরকীয়ার গুঞ্জনে কোমলের কপালে জুটেছে 'ঘরভাঙানি' তকমাও। এপ্রসঙ্গে মারাঠি অভিনেত্রীর চাঁচাছোলা জবাব, "যে ঘর আগেই ভেঙে গেছে, সেখানে কেউ আর নতুন করে ঘর ভাঙতে পারে না। আর আমাদের দেশের মানুষ এতটাও বোকা নয় যে- কাকে কান নিয়ে গিয়েছে, শুনেই এদিক-ওদিক না তাকিয়ে কাকের পেছনে ছুটতে শুরু করবে!"
কোমল রানির সঙ্গে গোবিন্দার রসায়ন নিয়ে গত দেড় বছরে কম বিষোদগার করেননি সুনীতা আহুজা। এমনকী ঘরে বউ রেখে প্রেয়সীকে নিয়ে হোটেলে দেদার ফূর্তির অভিযোগও তোলেন তিনি। গোবিন্দা যদিও স্ত্রী 'সীমা না ছাড়ানো'র নিদান দেন, তবে সুনীতা নিজের কথায় লাগাম টানেননি। এবার তাঁর বিরুদ্ধে গোবিন্দাকে লাগাতার মানসিক নির্যাতনের অভিযোগ আনলেন মারাঠি নায়িকা কোমল রানি স্বর্ণকার।
গোবিন্দাপত্নীর উদ্দেশে কোমলের মন্তব্য, "একজন পুরুষকে ক্রমাগত মানসিকভাবে হেনস্থা করা, তাকে কাজ থেকে দূরে রাখা, ঘরে বসিয়ে রেখে তার জীবন নষ্ট করা, তাকে পুরোপুরি কোণঠাসা করে ফেলা এবং মৃত্যুমুখে ঠেলে দেওয়া— আমার মনে হয় না এটা কোনও ভালো কিংবা নিবেদিতপ্রাণ স্ত্রীর আচরণ হতে পারে।" শুধু তাই নয়, সুনীতা আহুজাকে 'ধুরন্ধর' বলেও তোপ দাগেন গোবিন্দার সহ-অভিনেত্রী।
আরও পড়ুন:
কোমলের প্রশ্ন, "কোন নারী নিজের স্বামীর সঙ্গে এমন জঘন্য আচরণ করেন? এই ধরনের মহিলারা কি মানসিকভাবে অসুস্থ? নাকি তারা নিজেদের স্বার্থে অতিরিক্ত চালাক? এরা আসলে খুব ভালো করেই জানে যে, বাড়ির চার দেওয়ালের ভিতরে যা অর্জন করা সম্ভব হয়নি, সেটা জনসমক্ষে নিয়ে এসে মানুষের সহানুভূতি আদায় করা খুব সহজ।" এখানেই থামেননি তিনি। সুনীতাকে পালটা হুঁশিয়ারিও দিয়েছেন কোমল।