আম্বানিদের জামনগরে ‘আইবুড়োভাত’ অর্জুনের, আবেগঘন শচীন বললেন, ‘এমন একজনকে খুঁজে পেয়েছ…’
আর কী বলেছেন লিটল মাস্টার?
২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন শচীনপুত্র। এবার তাঁর ফ্র্যাঞ্চাইজি অর্জুন-সানিয়ার একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছে। সেখানে ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি। ছিলেন শ্লোকা মেহতা, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট-সহ দুই পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে ভগবান শ্রীগণেশের আশীর্বাদ নিতে দেখা গিয়েছে শচীনপুত্র অর্জুন এবং তাঁর হবু স্ত্রী সানিয়া।
আরও পড়ুন:
নীতার কথায়, "আজ আমরা সবাই এখানে জড়ো হয়েছি। এটা সেই জায়গা, যেখানে অনন্ত ও রাধিকার ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। শচীন ও অর্জুন, তোমরা সব সময় আমাদের পরিবারের মতোই ছিলে। আজ আমরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। প্রিয় অর্জুনকে তো আমি বেড়ে উঠতে দেখেছি। তোমার স্কুলজীবন থেকে আজকের দিনটা পর্যন্ত তোমাকে চিনি। তোমাদের অভিনন্দন। সানিয়া, তোমাকেও স্বাগত। ঈশ্বর তোমাদের সব সময় আশীর্বাদ করুন।"
কেবল নীতা আম্বানি নন, অর্জুনের জন্য আবেগঘন বার্তা দিয়েছেন শচীন তেণ্ডুলকরও। লিটল মাস্টার জানান, "অর্জুন যখন একটি মেয়েকে আমার সঙ্গে দেখা করতে বাড়িতে নিয়ে আসে, তখন বুঝতে পারি ও কত বড় হয়ে গিয়েছে। ওরা একে অপরকে খুব ভালোবাসে। তোমার জন্য গর্বিত অর্জুন। তুমি এমন একজনকে খুঁজে পেয়েছ যে তোমাকে ততটাই ভালোবাসে, যতটা তুমি তাকে ভালোবাসো।"
আরও পড়ুন:
কিছুদিন আগে শচীন তেণ্ডুলকরই আমন্ত্রণপত্র হাতে সপরিবারের দেশের প্রথম সারির রাজনীতিবিদদের দুয়ারে দুয়ার ঘুরছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকলকেই ছেলের বিয়েতে নিমন্ত্রণ করেছেন। সুতরাং মনে করা হচ্ছে অর্জুনের বিয়েতে শচীনের বাড়িতে চাঁদের হাট বসতে চলেছে।
শচীনকন্যা সারা তেণ্ডুলকরের বন্ধু সানিয়া সম্পর্কে রবি ঘাইয়ের নাতনি। হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় ঘাই পরিবারের নাম মুম্বইয়ে অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। বিদেশে পড়াশোনার পর দেশে ফিরে পারিবারিক ব্যবসার হাল ধরেন রবি। তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে কোয়ালিটি আইসক্রিম।