‘বদমায়েশি’ নাচ ভাইরাল হতেই ট্রোল, পালটা ভারতের মহিলা ক্রিকেটারের জবাব, ‘শখের জন্য…’
স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের সতীর্থের নাচের ভিডিও প্রায়ই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
অলরাউন্ডার শ্রেয়াঙ্কা ভারতীয় দলের হয়ে দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি'র নিয়মিত সদস্য। ২৪ বছর বয়সি ক্রিকেটার ২০২৪-র প্রিমিয়ার লিগে ১৩ উইকেট তুলে বেগুনি টুপিও জেতেন। তার মধ্যে ফাইনালে ১২ রান দিয়ে ৪ উইকেট পান। সেবার চ্যাম্পিয়নও হয় আরসিবি। ২০২৬-এ তাঁকে ৬০ লক্ষ টাকা দিয়ে দলে ধরে রাখে। এবারও ভালো বোলিং করেন স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের সতীর্থ।
আরও পড়ুন:
কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও আপলোড করেন শ্রেয়াঙ্কা। কর্নাটকের আরেক মহিলা ক্রিকেটার ইনচারার সঙ্গে নাচ করছিলেন তিনি। গানটি ছিল- 'বাবলি বদমাশ।' ২০১৩ সালের 'শুটআউট অ্যাট ওয়াদালা' সিনেমার সুনিধি চৌহানের গাওয়া আইটেম সংটিতে নেচেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই গানে নেচে রিল বানাতেই কটাক্ষের শিকার শ্রেয়াঙ্কা।
শ্রেয়াঙ্কার পরনে ছিল স্লিভলেস টপ ও মিনি স্কার্ট। সেই গানে কেন নাচলেন শ্রেয়াঙ্কা? নেটিজেনদের একাংশ তাঁর পোশাক ও নাচের ধরন নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকে তো আবার রীতিমতো 'অশ্লীল' বলে ফেলছেন। কেউ আবার শ্রেয়াঙ্কাকে 'ক্রিকেটার কম, কনটেন্ট ক্রিয়েটার বেশি' বলে খোঁচা দিচ্ছেন। শ্রেয়াঙ্কা এবার ভারতের টি-২০ বিশ্বকাপের দলেও ছিলেন। তবে চোটের জন্য বাদ যান। অনেকে এই রিল দেখে সেই প্রসঙ্গ টানছেন।
আরও পড়ুন:
এবার পালটা দিলেন শ্রেয়াঙ্কাও। তিনি বলেছেন, "আমি বুঝতে পারছি না, কেন আমার নাচের ভিডিও নিয়ে এত কথা হচ্ছে। নাচ বরাবরই আমার শখ। আমি অনেক দিন ধরেই নাচের ভিডিও শেয়ার করছি। আমি একজন ক্রিকেটার। কিন্তু তার মানে এই নয় যে শখের জন্য আমি নাচ উপভোগ করতে পারি না। অনেকে শুধু নাচের জন্য আমাকে ট্রোল করে। সেটা আসলে তাদের মানসিকতার কথাই বেশি বলে।"
ওই রিলের ক্যাপশনে তারকা ক্রিকেটার লিখেছিলেন, 'জাস্ট বিয়িং আ বদমাশ।' এখানেই শেষ নয়। শ্রেয়াঙ্কা একটি স্টোরিও দেন। যেখানে লেখা ছিল, 'লাভ ইয়োরসেলফ ফাস্ট।' যার অর্থ, প্রথমে নিজেকে ভালোবাসো। প্রায় দু'কোটি মানুষ রিলটি দেখেছেন। প্রায় ১০ লক্ষ মানুষ রিঅ্যাক্টও করেছেন। মাঠে যেমন স্পিন বোলিংয়ে বিপক্ষকে জব্দ করেন, এখানেও ট্রোলারদের তাই করছেন।