এপি ধিলোঁকে চুমু খাওয়াই বিচ্ছেদের কারণ নয়! বীর-তারার প্রেম ভাঙার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
এপি ধিলোঁর কনসার্টে বন্ধুকে চুমু খাওয়ার পরই তারা সুতারিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ইতি টানেন বীর! বিচ্ছেদের কারণ হিসেবে নাকি শুধু এই চুমুকাণ্ডই দায়ী নয়। নেপথ্যে লুকিয়ে কোন রহস্য?
সম্পর্কে থাকাকালীন সোশাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হত তাঁদের ভালোবাসার মুহূর্ত। বীর পাহাড়িয়া ও তারা সুতারিয়ার সম্পর্কের গভীরতা অনুরাগীদের মনে আশার আলো জাগিয়েছিল। কিন্তু, স্বপ্ন দেখার আগেই যেন সব শেষ! এপি ধিলোঁর কনসার্টে গায়ককে চুমু খাওয়ার পরই নাকি সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। বন্ধু-গায়ক এপিকে তারার চুমু খাওয়ার সেই মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন:
চলতি বছরে তাঁদের বিচ্ছেদ গুঞ্জন আরও জোড়াল হয়। যদিও এখনও পর্যন্ত বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কেউই। অন্যদিকে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে চুমুকাণ্ডই সম্পর্ক ভাঙার মূল কারণ ছিল না। বরং একাধিক সমস্যার মাঝে এপিকে চুমু খাওয়াই সম্পর্কে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল। প্রেম ভাঙার নেপথ্যে উঠে এল কোন চাঞ্চল্যকর তথ্য?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তারা নাকি বেশ 'ডমিনেটিং' স্বভাবের ছিলেন। তাঁদের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, অল্প সময়ের সম্পর্ক হলেও দু’জনকে একসঙ্গে ভালোই লাগত। কিন্তু এই সম্পর্ক ছিল শর্তসাপেক্ষ। বীরের জীবনের উপর পুরো দখল ছিল তারার। তাঁর ইচ্ছেতেই নাকি চলতে হত বীরকে। এমনকী বাড়ির দেওয়ালে থাকা কিছু ছবি সরিয়ে ফেলতে বলেছিলেন তারা। এখানেই শেষ নয় ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকেও অনেককে ছাটাইয়ের নির্দেশ দিয়েছিলেন।
বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে বীর কার সঙ্গে মিশবেন সব কিছুতেই প্রভাব খাটাতেন তারা। ঘনিষ্ঠ মহলের দাবি, তারার প্রেমে বীর এতটাই মগ্ন ছিলেন যে প্রেমিকার ইচ্ছেতেই নিজেকে বদলে ফেলতেও সমস্যা ছিল না। বন্ধুদের বারণকে উপেক্ষা করেই তারার হাতে নিজের জীবনকে সপে দিয়েছিলেন বীর। কিন্তু, শেষ রক্ষা হল না, আলাদা হয়েছে দুজনের পথ!
আরও পড়ুন:
বীরের সঙ্গে সম্পর্ক ভাঙতেই তারার জীবনে নাকি নতুন প্রেমের বসন্ত। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আদিত্যর সঙ্গে 'আশিকি' পুরো জমে ক্ষীর। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাঁরা একসঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন এবং তাঁদের ঘনিষ্ঠ মহল থেকেও সম্পর্কের গভীরতার ইঙ্গিত মিলেছে। যদিও চর্চার মাঝে মুখে কুলুপ আদিত্য-তারার।
বলিউডের বিশ্বস্ত সংবাদমাধ্যম আদিত্য-তারার প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছে। বিটাউনের অন্দরে সম্পর্কের ভাঙাগড়ার খেলা প্রায়ই উঠে আসে পেজ থ্রির খবরে। চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে আদিত্য রয় কাপুরের সম্পর্ক কারওই অজানা নয়। প্রকাশ্যে হাতে হাত রেখে ঘুরেছেন প্রাক্তন প্রেমিকযুগল। প্রায় দু’বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডের। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে কেউই মুখ খোলেননি।
ইন্ডাস্ট্রির একাধিক ইভেন্ট ও ব্যক্তিগত মুহূর্তে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে তারা সুতারিয়া ও আদিত্য রয় কাপুরকে।ব্যক্তিগত জীবন নিয়ে খুব সংযত হলেও যুগলের ঘনঘন উপস্থিতি বেশ ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য। আদিত্য রয় কাপুর এবং তারা সুতারিয়া তাঁদের প্রেমের গুঞ্জনে সিলমোহর কবে দেন সেই শুভক্ষণের অপেক্ষায় ভক্তকূল।