এভাবেও শ্রদ্ধা জানানো যায়! কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে নয়া প্রজাতির বোলতার নামকরণ। শতবর্ষের প্রাক্কালে এভাবেই বাঁটুল, নন্টে-ফন্টের স্রষ্টাকে নতুন আবিষ্কারের সঙ্গে জুড়ে দিলেন একদল পতঙ্গবিদ। মেলবন্ধন ঘটল বাংলার বিজ্ঞান ও সংস্কৃতি জগতের। সেতুর কাজ করল রাজারহাটের জলাভূমি। কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং কায়রো বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষকদল রাজারহাট থেকে পরজীবী বোলতার একটি সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে ‘টেট্রাস্টিকাস নারায়ণদেবনাথি’। গবেষক দলের অন্যতম পতঙ্গবিদ অর্ণব চক্রবর্তী জানান, “আমাদের শৈশবকে আনন্দময় করে তোলা এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামকরণ।”
বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কারের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। নতুন আবিষ্কৃত বোলতাটি মূলত ‘টরটয়েস বিটল’ বা কচ্ছপ পোকার পিউপার উপর নির্ভরশীল একপ্রকার বিশেষ পরজীবী। এরা জীবনচক্রের একটি বড় অংশ আশ্রয়দাতা পোকার দেহে কাটিয়ে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। বিশ্বজুড়ে প্রায় ৫০০টি টেট্রাস্টিচুস প্রজাতির মধ্যে এটি তৃতীয় নজির, যেখানে এই গোত্রের বোলতা কচ্ছপ পোকাকে নিজের আশ্রয়দাতা হিসাবে ব্যবহার করছে। স্প্রিঙ্গার নেচারের আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ ট্রপিক্যাল ইনসেক্ট সায়েন্স’-এ এই আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশের জন্য গৃহীত হয়েছে। শহরের নগরায়ন ও জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায় রাজারহাটের জলাভূমির এই আবিষ্কার আন্তর্জাতিক স্তরে বাংলার বিজ্ঞান গবেষণার মানকে আরও একবার গৌরবান্বিত করল। উল্লেখ্য, এর আগে সল্টলেকের বনবিতানের নামেও এক নয়া প্রজাতির বোলতার নামকরণ করা হয়েছে। সেই দলেও ছিলেন অর্ণব চক্রবর্তী।
সর্বশেষ খবর
-
গান্ধীজয়ন্তীতে মহাচমক! বাপুকে স্মরণ করে ‘জাতির জনক’ অবতারে এলেন মনোজ বাজপেয়ী
-
সোশাল মিডিয়ায় জাত তুলে গালি, তফসিলি জাতি-উপজাতি আইনে বিচার হবে, রায় কলকাতা হাই কোর্টের
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?
-
অবশেষে খুলল পাক আকাশসীমা, মধ্যরাতেই ঢাকা পৌঁছবে রুশ পরমাণু জ্বালানি
-
সানরাইজার্স ছাড়ছেন ‘অখুশি’ অভিষেক! তারকা ব্যাটারকে নিতে ঝাঁপাচ্ছে কোন দলগুলো?