স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: বাংলার ফুটবলের মুখ কখনও এটিকে হতে পারে বলে মনে করছেন না সঞ্জয় সেন৷ সম্প্রতি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকে-র লম্ফঝম্পকে ছাগলের তৃতীয় সন্তানের সঙ্গে তুলনা করলেন তিনি৷ যা বিতর্কের ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সঞ্জয় সেন৷ শুক্রবার মোহনবাগান কোচ মিলিত হয়েছিলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে৷ সেখানেই তিনি দুই প্রধানকে এগিয়ে রেখে তুলোধনা করেন এটিকে-কে৷ এমনিতেই তিনি আইএসএল বিরোধী হিসেবে পরিচিত৷ ফলে আইএসএল-এর বিপক্ষে তিনি বলবেন এটাই স্বাভাবিক৷ সম্প্রতি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকে’র এক কর্ণধার মন্তব্য করেছিলেন, জনপ্রিয়তার নিরিখে বাংলায় সবাইকে ছাপিয়ে গিয়েছে এটিকে৷ “কারা কী বলছে জানি না৷ যদি এমন ধরনের কেউ মন্তব্য করে থাকেন তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন৷ আসলে ছাগলের তৃতীয় সন্তানরা বড্ড বেশি তিড়িং বিড়িং করে৷ এটিকে কর্তারা হলেন সেই ছাগলের তৃতীয় সন্তানের মতো৷ তাঁরা দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে মনে করছেন, সব জয় করে নিয়েছেন৷ তাই যা খুশি বলে যাচ্ছেন৷ নাহলে এমন মন্তব্য কেউ করে নাকি?” দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গলের জনপ্রিয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “দুই প্রধান তার জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে দীর্ঘদিনের সাফল্যকে সঙ্গী করে৷ একশো বছর অতিক্রম করা এক একটা ক্লাব৷ তাদের কাছেই তো মানুষ ছুটবে৷ দু’একটা সাফল্য পেয়ে যদি কারও মাথা ঘুরে যায় তাহলে অবশ্য আলাদা কথা৷”
৭ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে আই লিগ৷ জনপ্রিয়তার নিরিখে আই লিগ যে টেক্কা দেবে আইএসএল-কে তাও প্রকাশ্যে জানিয়ে দেন তিনি৷ মোহনবাগান কোচ আইএসএল নিয়ে যতটা সরব ততটাই নীরব নিজের দল সম্পর্কে৷ তবে মনের মতো দল যে পেয়ে গিয়েছেন তাও প্রকারন্তরে বুঝিয়ে দিয়েছেন তিনি৷ “আমার চাহিদা খুবই সামান্য৷ কর্তাদের কথা মাথায় রেখে একটা তালিকা জমা দিয়েছিলাম৷ সেই তালিকায় বেশি অদল-বদল চাইনি৷ গতবার আমরা তো খুব খারাপ খেলিনি৷” বলছিলেন সঞ্জয় সেন৷
সর্বশেষ খবর
-
‘নির্মল ঘোষ হলে মমতা কেন নয়?’ অভয়া কাণ্ডের গ্রেপ্তারি প্রসঙ্গে বিস্ফোরক অগ্নিমিত্রা
-
লালকেল্লায় আমন্ত্রণ পেলেও বাধা ছিল অর্থ, সুন্দরবনের সেলিমাকে বিমানে দিল্লি পাঠালেন বিধায়ক
-
দিল্লি আসছেন ইরানের প্রেসিডেন্ট, মার্কিন ডলারের আধিপত্য খতম!
-
পিছিয়ে পড়ে কোনওক্রমে রক্ষা, কলকাতা লিগে ইস্টবেঙ্গলকে আটকে দিল ভবানীপুর
-
‘তুমি বাংলাদেশে নেই’, মিরাজের সঙ্গে বচসায় স্টার্ক, অজিদের প্রবল চাপে ফেলে দাপট ‘টাইগার’দের