সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর রাতের ছবিটা একবার মনে করুন। বিশ্বকাপ জিতে ঝুলন গোস্বামী, মিতালি রাজদের হাতে ট্রফি তুলে দিলেন হরমনপ্রীত কৌররা। এভাবেই তো সম্মান জানাতে হয় সিনিয়রদের। আবার ‘হরমনপ্রীত দিদি’ বা ‘স্মৃতি দিদি’দের প্রশংসায় পঞ্চমুখ রিচা ঘোষ, জেমাইমা রডরিগেজরা। সেখানে প্রতিবেশী বাংলাদেশ ক্রিকেটের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। আর সম্প্রতি যে তথ্য উঠে আসছে, তা রীতিমতো ন্যক্কারজনক। অভিযোগ, বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (Nigar Sultana) নাকি জুনিয়র ক্রিকেটারদের মারধর করেন। তবে পালটা দিয়েছেন নিগারও।
আর সেই অভিযোগটা তুলছেন তাঁর একসময়েরই সতীর্থ জাহানারা আলম। তাঁর বিস্ফোরক মন্তব্য, বর্তমান অধিনায়ক নিগার নাকি নিয়মিত জুনিয়রদের ‘অত্যাচার’ করেন। বাংলাদেশি সংবাদপত্র ‘কালের কণ্ঠ’কে তিনি জানান, “জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এরকম জানিয়েছে, ‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’ কয়েকজনের কাছ থেকে জেনেছি, ‘কালকে মার খেয়েছি।’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।”
শুধু জুনিয়রদের নয়। নিগারের বিরুদ্ধে সিনিয়রদের অপমান করার অভিযোগও তুলছেন জাহানারা। তিনি বলেন, “ক্ষমতা পেয়ে জ্যোতিও এর অপব্যবহার শুরু করে। প্রথমে শুরু করে সিনিয়রদের নাম ধরে ডাকা। সালমা আপুকে ‘সাল্লু’ আর আমাকে ‘এই জাহান’। আমি অবশ্য অবাক হইনি। কারণ জ্যোতি ছোটবেলা থেকেই উলটোপালটা কাজ করত। জ্যোতি তো অনেক সময় ফিটনেস টেস্টই দেয় না।”
তিনি সেই পত্রিকায় আরও বলেন, “জুনিয়ররাই সব সময় ওর কিটব্যাগ টানে। কতবার যে জ্যোতিকে বলতে শুনেছি, ‘এই বসে আছিস কেন? যা আমার ব্যাগ নামা।’ জুনিয়ররা আসলে করতে বাধ্য, কিছু করার নেই। সিলেটেরই আরেকটি ঘটনা বলি। দুটি ড্রেসিংরুমের একটি জুনিয়রদের জন্য বরাদ্দ। জ্যোতিকে দেখলাম, ওটায় গিয়ে জুনিয়রদের দিয়ে মাথা টেপাচ্ছে, চুলে তেল দেওয়াচ্ছে।” এছাড়া বাংলাদেশ ক্রিকেটের পরিচালন ব্যবস্থা নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নিগার। ৩২ বছর বয়সি জাহানারা বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে। তাঁর ঝুলিতে ১০৮টি উইকেট আছে।এছাড়া বাংলাদেশ ক্রিকেটের পরিচালন ব্যবস্থা নিয়েও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নিগার।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিসিবি জানিয়েছে, “বাংলাদেশ মহিলা ক্রিকেট দল নিয়ে এক প্রাক্তন সদস্য অনেক অভিযোগ করেছেন। বিসিবি এই অভিযোগগুলোর তীব্র বিরোধিতা করে। এগুলো মিথ্যা, ভিত্তিহীন ও সম্পূর্ণ বানানো। বাংলাদেশ যখন একত্রিত হয়ে উন্নতির চেষ্টা করছে, তখন এই অভিযোগ অবমাননাকর ও কলঙ্কজনক।” অন্যদিকে নিগার পালটা জবাব দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘দলটা আমাদের সবার, এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এতো নেগেটিভ বক্তব্য, ব্যক্তিগত প্রতিহিংসা, ক্ষোভ, আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে! আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন, তারা একসময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন, দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন, অনেক অর্জন, অনেক ব্যর্থতা দেখেছেন! গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি।’ সদ্যসমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ ৮ দলের মধ্যে সপ্তম স্থানে শেষ করে।
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির