Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Mohammedan SC

আইএসএল থেকে ইউরোপা লিগে, ইতিহাস গড়ে ইউরোপে মঞ্চ মাতাবেন মহামেডানের প্রাক্তনী ফ্রাঙ্কা

মহামেডান ছাড়ার পর বছর কেটে গেলেও সাদা-কালো সমর্থকদের ভোলেননি ফ্রাঙ্কা।

শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৪:০৩

link
শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৪:০৩

options
link
আইএসএল থেকে ইউরোপা লিগে, ইতিহাস গড়ে ইউরোপে মঞ্চ মাতাবেন মহামেডানের প্রাক্তনী ফ্রাঙ্কা zoom
মহামেডানের জার্সিতে কার্লোস ফ্রাঙ্কা। ফাইল ছবি
Advertisement

বঙ্গ ফুটবল অনুরাগীদের কাছে কার্লোস ফ্রাঙ্কা নামটা এখনও অচেনা হয়ে যায়নি। দু’মরশুম আগে মহামেডানের হয়ে আইএসএল খেলে গিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবার সেই ফ্রাঙ্কাই খেলতে চলেছেন ইউরোপিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ স্তর ইউরোপা লিগে। এফসি আরারাত আর্মেনিয়ার জার্সিতে।

দু’মরশুম আগে আইএসএলে উঠে এসেছিল মহামেডান। দীর্ঘদিন পর ভারতীয় ফুটবলের সর্বোচ্চ স্তরে ভালো পারফর্ম করার জন্য তারা সই করিয়েছিল ফ্রাঙ্কাকে। তবে সাম্বা ফরোয়ার্ড আর তাঁর ক্লাব-কারও পারফরম্যান্সই বিশেষ নজর কাড়তে পারেনি। লিগে একটাই গোল করেছিলেন ফ্রাঙ্কা। তা অবশ্যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। তবে সেই ফুটবলারের পারফরম্যান্স আমূল বদলে যায় ইন্দোনেশিয়ার পার্সিজেপে গিয়ে। সেখানে ভালো খেলার সুবাদে এই মরশুমে আরারাতে জায়গা করে নেন ফ্রাঙ্কা। আর্মেনিয়ার ক্লাবটির জার্সিতেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে ছয় ম্যাচে দু’টি গোল এবং একটি অ্যাসিস্ট এসেছে তাঁর পা থেকে। এই পর্বে তিন প্রতিপক্ষের বিরুদ্ধেই দলের গোলে অবদান রেখেছেন তিনি। তবে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে হেরে যায় আরারাত। খেলতে হয় ইউরোপা লিগের যোগ্যতা অর্জনের চূড়ান্ত প্লে-অফ। সেখানে রোমানিয়ার ক্লাব ইউনিভার্সিটি ক্রাইওভাকে দু’পর্ব মিলিয়ে ২-১ গোলে হারিয়েছেন ফ্রাঙ্কারা। অ্যাওয়ে পর্ব ১-১ গোলে ড্র হওয়ার পর ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে ১-০ জেতে আর্মেনিয়ার ক্লাবটি।

Advertisement

এই জয়ের সুবাদেই ইউরোপা লিগের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে আরারাত। অতীতে একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলেছে তারা। কিন্তু মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। এবার আরারাতের ইতিহাসের অংশ হয়ে উঠলেন ফ্রাঙ্কা। আর্মেনিয়া থেকে হোয়াটসঅ্যাপ কলে তিনি বলছিলেন, “দারুণ লাগছে। আমরা চ্যাম্পিয়ন্স লিগে একটুর জন্য মূল পর্বে যেতে পারিনি। জানি ফুটবলে এমন ফলাফল হতেই পারে। কিন্তু সেটা বেশ খারাপ লেগেছিল। কারণ আমরা ইতিহাসের খুব কাছ থেকে ফিরে এসেছি। তাই এবার ইউরোপা লিগে মূলপর্বে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি। শেষ মুহূর্তে গোলটা হওয়ার পর সবাই আনন্দে ভেসে যাই।”

ইউরোপার সূচি অনুযায়ী, গ্রুপের লড়াইয়ে আরারাত খেলবে এজেড আলখমার, এসি মিলান, স্পার্টা প্রাগ, রেড বুল সালসবার্গ, সেলিয়ে, জাগিএলোনিয়া, এনইসি নিয়েমেজেন এবং টোরেন্সের বিরুদ্ধে। এরমধ্যে মিলানের বিরুদ্ধে খেলা নিয়ে বেশ উত্তেজিত ফ্রাঙ্কা। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের মুখোমুখি হওয়া প্রসঙ্গে তিনি বলছিলেন, “মিলান ঐতিহাসিক ক্লাব। ব্রাজিলের সেরা তারকারা খেলেছেন। রোনাল্ডো নাজারিও, কাকা, কাফু, ডিডা, রোনাল্ডিনহো, থিয়াগো সিলভাদের দেখেছি মিলানের জার্সিতে। এমন ক্লাবের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। ম্যাচটা খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

মহামেডান ছাড়ার পর বছর কেটে গেলেও সাদা-কালো সমর্থকদের ভোলেননি ফ্রাঙ্কা। “ভারতে আমি সেভাবে খেলতে পারিনি। হয়তো ভুল সময়ে মহামেডানে সই করেছিলাম। কিন্তু সমর্থকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সেকথা ভোলা সম্ভব নয়”, বলছিলেন তিনি। তবে কি আবার সাদা-কালো জার্সিতে ফিরবেন ফ্রাঙ্কা? সেই সম্ভাবনাকে ভবিষ্যতের হাতেই ছাড়ছেন সাম্বা ফরোয়ার্ড। আপাতত আরারাতের হয়ে ভালো পারফর্ম করাই লক্ষ্য তাঁর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.