ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্রী টি-টোয়েন্টি সিরিজ হার। ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের শুরুটা একেবারেই ভালো হয়নি। এবার সামনে সিকন্দর রাজার জিম্বাবোয়ে। তাদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যিনি ইতিমধ্যেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, সমানে-সমানে খেলা হবে। তার আগে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার বলে রাখলেন, টিমের থেকে ভয়ডরহীন ক্রিকেট চান তিনি। ইংল্যান্ড-আয়ারল্যান্ডে চূর্ণবিচূর্ণ হলেও, সেই অভিশপ্ত সফর একেবারে বিফলে যায়নি বলেই মত শ্রেয়সের।
তাঁর মতে, বেশ কয়েকটা জায়গা পাওয়া গিয়েছে, যেখানে উন্নতি প্রয়োজন। বলছিলেন, “ইংল্যান্ডে একেবারেই ভালো খেলতে পারিনি। কিন্তু তার পরেও বেশ কিছু ইতিবাচক দিক পেয়েছি। আমরা এখন জানি, কোথায় উন্নতি প্রয়োজন। আমরা জানি, আগামী দিনে একটা ভালো টিম তৈরি করতে কী কী প্রয়োজন,” বুধবার প্রাক্-ম্যাচ সাংবাদিক সম্মেলনে বলেছেন শ্রেয়স। জিম্বাবোয়ে সফরে এবারই প্রথম এলেন শ্রেয়স। আর সেটাও অধিনায়ক হিসেবে। যাঁর মতে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। আর সেটাও, অতীব কম সময়ে।
আরও পড়ুন:
“আমাদের দলে অনেকেই জিম্বাবোয়েতে প্রথম বার খেলছে। তাই যত দ্রুত আমরা পরিবেশের সঙ্গে মানিতে নিতে পারব, তত ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা,” বলছিলেন তিনি। যিনি চান, তাঁর টিমের জুনিয়ররা অকুতোভয় ক্রিকেট খেলুক। “বাইরে লোকে কী বলছে, কোথায় কী সমালোচনা চলছে, সে সমস্ত নিয়ে ভাবারই কোনও প্রয়োজন নেই। আমাদের বর্তমানে থাকতে হবে। ভালো ক্রিকেট খেলাটা দরকার। তা হলেই ভালো টিম হয়ে উঠব আমরা,” মত শ্রেয়সের। সঙ্গে যোগ করেছেন, “ব্যর্থতার ভয়কে সর্বাগ্রে মন থেকে হঠিয়ে দেওয়া দরকার। কারণ, একবার মনে ভয় ঢুকে গেলে মুশকিল। তখন একজন ক্রিকেটার নিজেকে বাঁচানোর জন্য খেলতে শুরু করে। কিন্তু ভয়টা না থাকলে, সেরা খেলাটা বেরিয়ে আসে।”
তবে একটা বিষয় নিয়ে বিরক্ত শ্রেয়স। তা হল, ভারতীয় টিমের ঠাসা সূচি। ইংল্যান্ড সফর শেষ করেই জিম্বাবোয়ে চলে আসতে হয়েছে টিমকে। সিকন্দর রাজাদের বিরুদ্ধে নামার আগে শ্রেয়সরা প্র্যাকটিস সেশন পেয়েছেন মাত্র একটা! “ব্যাপারটা অত্যন্ত চ্যালেঞ্জিং। গতকাল আমরা জিম্বাবোয়ে এসেছি। আজ ট্রেনিং করলাম। আগামীকাল খেলা। কিন্তু এর একটা ভালো দিকও রয়েছে। যদি প্রতিকূলতা সামলে আপনি ভালো পারফর্ম করতে পারেন, তা হলে তার আনন্দও বেশি হয়,” বলে থাকেন শ্রেয়স। যাঁর মনে হচ্ছে, ইংল্যান্ড সফর, আয়ারল্যান্ড সফর, জিম্বাবোয়ে সফর ভারতীয় টিমকে বিবিধ শিক্ষা প্রদান করবে। “সব সময় এ রকম সুযোগ তো পাওয়া যায় না। আবারও বলছি, ইংল্যান্ড কিংবা আয়ারল্যান্ডে রেজাল্ট আমাদের পক্ষে যায়নি। কিন্তু টিম হিসেবে আরও বেশি একাত্ম হয়েছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তরাখণ্ডে ভোটের মুখে বিরাট ধাক্কা কংগ্রেসের, দলের সব পদ ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
বঙ্গ তারকার চোটে দলে জায়গা, দলীপ ফাইনালে সেঞ্চুরির পর জাতীয় দলে খেলার স্বপ্ন তরুণ তুর্কির
-
কৃষ্ণনগর রাজবাড়ির দিঘিতে ভাসছে লাশ! সাতসকালে উদ্ধার দেহ, মৃত্যু ঘিরে ধোঁয়াশা
-
‘তোমার বাবার টাকায় খাই?’, ৬৭ বছর বয়সে বিয়ের কথা শুনেই রেগে আগুন নীনা গুপ্তা
-
এবার সরাসরি ‘নীতুদা’র নাম নিয়ে আক্রমণ! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্যও বিস্ফোরক বার্তা অস্কারের