Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

‘হারানোর আর কিছু নেই’, বলছেন রাহানে, এখনও কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

ম্যাচ না জিতলেও টস কিন্তু জিতছেন রাহানে। কিন্তু টস জিতে তাঁর সিদ্ধান্তও প্রশ্নের মুখে পড়ছে। গুজরাটের বিরুদ্ধেও টস জিতেছিলেন রাহানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১০:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১০:৪৭

options
link
‘হারানোর আর কিছু নেই’, বলছেন রাহানে, এখনও কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর? zoom
আইপিএলে খারাপ পারফরম্যান্সের দরুণ নেতৃত্ব হারানোর উদাহরণ রয়েছে ভূরি-ভূরি। ফাইল ছবি।
Advertisement

আইপিএলের ছ’টা ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখনও পর্যন্ত জয়ের মুখ তারা দেখতে পারেনি। পরিস্থিতি যা, তাতে আজ ইডেনে যদি যশস্বী জয়সওয়াল-বৈভব সূর্যবংশীদের কাছে হেরে যায় অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন কেকেআর, তা হলে এবারের মতো প্লে-অফ খেলার আশা কার্যত শেষ হয়ে যাবে। অতএব, ইডেনে আজ জীবন-মৃত্যুর ম্যাচের আগে নাইট অধিনায়ক রাহানে সতীর্থদের কাছে তিনটে জিনিস চেয়ে রাখলেন। প্রথমত, কঠিন সময়কে মাথা পেতে নাও। দ্বিতীয়ত, স্বাধীনতার সঙ্গে খেলো। তৃতীয়ত, পুরো টুর্নামেন্ট নিয়ে ভাবতে না বসে এক-একটা করে ম্যাচে মন দাও।

“খারাপ রেজাল্টকে মেনে নিতে হবে। আমরা যে ভালো পারফর্ম করছি না, সেটা বুঝে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা দিন, নতুন দিন। আমাদের প্রত্যেক দিন ভালো করার চেষ্টা করতে হবে। একে অন্যের পাশে থাকতে হবে,” আহমেদাবাদে গুজরাট টাইটান্সের কাছে হারার পর শুক্রবার গভীর রাতে সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন রাহানে। আইপিএলের ইতিহাস বলে, প্লে-অফে যেতে হলে, চোদ্দোটা খেলার মধ্যে নিদেনপক্ষে সাতটায় জেতা অতীব জরুরি। তবে তাতেও নিশ্চয়তা থাকে না। নিশ্চিন্ত থাকা যায়, অন্তত আটটা জিততে পারলে। কেকেআরের হাতে পড়েই রয়েছে আর আটটা ম্যাচ। রবিবারের ইডেনে রাজস্থান রয়‍্যালস যুদ্ধ ধরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“আমাদের তো হারানোর কিছু নেই। পরপর হার মেনে নেওয়া কঠিন। কিন্তু এটাই স্পোর্ট। এখানে সব কিছু আপনার ইচ্ছেমতো চলবে না। আমাদের স্বাধীনতা নিয়ে খেলতে হবে। একটা কথা বলি। আমরা সবাই প্রত্যেকে চেষ্টা করছি, ম্যাচ জেতার। ভালো ক্রিকেট খেলার। আমরা কলকাতার কথা ভেবে খেলছি। কলকাতার সমর্থকদের ভেবে খেলছি। কেউ ইচ্ছে করে হারতে চায় না,” টানা বলে চলেন নাইট অধিনায়ক। কিন্তু লাভের লাভ তো কিছু হচ্ছে না। এক-একটা ম্যাচ চলে যাচ্ছে। কিন্তু পরিণতি একই থাকছে-কদর্য হার। রাহানে উত্তর দেন, “প্রতিটা ম্যাচ শেষেই আমরা পর্যালোচনায় বসছি। ভেবে দেখছি, কী করে উন্নতি করা যায়। হারলে কম্বিনেশন সংক্রান্ত বেশ কিছু ফাঁকফোঁকর সামনে আসে।”

ম্যাচ না জিতলেও টস কিন্তু জিতছেন রাহানে। কিন্তু টস জিতে তাঁর সিদ্ধান্তও প্রশ্নের মুখে পড়ছে। গুজরাটের বিরুদ্ধেও টস জিতেছিলেন রাহানে। কিন্তু সবাইকে আশ্চর্য করে তিনি ব্যাটিং নেন। টাইটান্স অধিনায়ক শুভমান গিল বলে যান, টস জিতলে বোলিং নিতেন তিনি। এবং রাহানের টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে তাঁর দিকেই ঘুরে আসে। কেকেআর পাওয়ার প্লে-তেই ৩২-৩ হয়ে যায়। পঁচিশ কোটির অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ব্যাট রক্ষা না করলে, খারাপ ভাবে হারতে হতে পারত। “গ্রিন খুব ভালো ব্যাটিং করেছে। কঠিন পরিস্থিতি সামলে ভালো ব্যাট করা, সহজ কাজ নয়,” বলে দিয়েছেন রাহানে। পাশাপাশি দলের বোলারদেরও প্রশংসা করেছেন তিনি। বলে দিয়েছেন, অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও নাইট বোলাররা যে ভাবে বোলিং করেছেন, দেখার মতো। ‘সিনিয়র বলতে তো শুধু আমাদের হাতে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী রয়েছে। বাকিরা কেউ অভিজ্ঞ নয়। কিন্তু তার পরেও আমাদের বোলিং ইউনিট যে ভাবে শেষ ওভার পর্যন্ত খেলাকে নিয়ে গিয়েছে, আমি গর্বিত।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.