Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
IPL 2026 Opening Ceremony

বাতিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের?

গত বছর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। তবে এ বছর কোনও অনুষ্ঠান হচ্ছে না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ২১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ২১:০৬

options
link
বাতিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের? zoom
ফাইল ছবি।

৪ জুন, ২০২৫। আইপিএলের ইতিহাসে এক কলঙ্কিত ও দুঃখজনক দিন। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে মারা যান ১১ জন। তারপর বছর ঘুরেছে। নতুন একটা সংস্করণ শুরু হতে চলেছে দু’দিন পর। আর এই আবহেই বড়সড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।  

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, “গত বছরের ৪ জুনের মর্মান্তিক ঘটনার কারণে আইপিএলের শুরুর দিন কোনও অনুষ্ঠান হবে না। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই বিসিসিআই এবার উদ্বোধনের দিন কোনও সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করছে না।” একইসঙ্গে তিনি বলেন, “তবে ফাইনালের দিন, ৩১ মে, আইপিএল ফাইনালের দিন বড় মাপের বিনোদনমূলক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।”

Advertisement

উল্লেখ্য, গত বছর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, করণ আউজলা। পাশাপাশি নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী দিশা পাটানি। তবে এ বছর কোনও অনুষ্ঠান হচ্ছে না। ২০১৯ সালে পুলওয়ামা কাণ্ডের পরেও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছিল বিসিসিআই। সেবার উদ্বোধনের জন্য বরাদ্দ অর্থ শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

২৮ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করবে আরসিবি। প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদের সভাপতিত্বে কর্নাটক ক্রিকেট সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, স্টেডিয়ামের ভিতরে একটা স্মৃতিফলক বসানো হবে। এর মাধ্যমে প্রয়াত ভক্তদের শ্রদ্ধা জানানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাঁদের স্মৃতিতে স্টেডিয়ামের ভিতর ১১টি আসন ফাঁকা রাখা হবে। আইপিএল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, কোনও ম্যাচেই ওই আসনগুলোর টিকিট বিক্রি করা হবে না। সব মিলিয়ে শোক ও শ্রদ্ধার আবহেই শুরু হতে চলেছে আইপিএল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.