সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাটা ছিলই। সেই আশঙ্কাই সত্যি করে বুধবার ভোর রাত থেকে শহরে বৃষ্টি নেমেছিল। আর বৃহস্পতিবার সকাল থেকে সেই বৃষ্টির কারণে প্রায় ভেস্তেই গেল ইডেনে ভারত-শ্রীলঙ্কা টেস্টের প্রথম দিনের খেলা। আর যেটুকু খেলা হয়েছে, তাতেও পাল্লা ভারী শ্রীলঙ্কার দিকেই। কারণ খেলা হয়েছে মাত্র ১২ ওভার। আর তাতেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন লোকেশ রাহুল, শিখর ধাওয়ান এবং ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাও মাত্র ১৭ রানে। সফরকারী দলের হয়ে তিনটি উইকেটই পেয়েছেন সুরাঙ্গা লাকমাল।
[দূষণ রোধে এগিয়ে আসতে দিল্লিবাসীকে বার্তা বিরাট কোহলির]
মঞ্চ প্রস্তুত ছিল। ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের জন্য রীতিমতো সেজেও উঠেছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। কিন্তু বুধবারের মতো বৃহস্পতিবারও দফায় দফায় হাওয়া-বৃষ্টির কারণে সময়মতো শুরুই হল না খেলা। সকাল থেকেই শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। যার জেরে একবার পিচের কভার খোলা হলেও, ফের তা ঢেকে দেওয়া হয়। শেষপর্যন্ত বৃষ্টি থামলে শুরু হয় মাঠ শুকোনোর কাজ। দ্রুতই তা সম্পন্ন হলে শুরু হয় ম্যাচ। একদিকে স্যাঁতস্যাতে পরিবেশ, অপরদিকে গঙ্গার হাওয়া- সেকারণেই টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। তবে ভারত ব্যাট করতে নামার পর প্রথম বল গড়ানোর আগেও কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। মাঠে নেমেও উঠে যেতে হয় শিখর-রাহুল-সহ শ্রীলঙ্কা দলকে। আর এতেই হয়তো মনসংযোগে বিঘ্ন ঘটেছিল রাহুলের। যার জন্য পরে খেলা শুরু হতেই প্রথম বলে আউট হন তিনি। এরপর ব্যক্তিগত ৮ রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার শিখর ধাওয়ানও। বেশিক্ষণ ক্রিজে ছিলেন না ভারত অধিনায়কও। শূন্য রানে লাকমলের বলে এলবিডব্লুউ হয়ে ফিরে যান তিনি। ক্রিজে রয়েছেন চেতেশ্বর পূজারা(৮) এবং আজিঙ্ক রাহানে(০)। উলটোদিকে, লাকমলের বোলিং পরিসংখ্যান ৬-৬-০-৩। যদিও এই ১২ ওভারের মাঝেও বৃষ্টি এবং খারাপ আলোর জন্য বেশ কয়েকবার বন্ধ রাখা হয় খেলা। শেষপর্যন্ত জ্বালাতে হয়ে বাতিস্তম্ভের আলোও।

এদিন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় অনেকেই ভেবেছিলেন আর যাই হোক বৃহস্পতিবার খেলা শুরু করা যাবে না। কিন্তু ইডেন এখন পালটে গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির সভাপতি হয়ে আসার পর ইডেনের মাঠকে সংস্কার করে যেমন তিনি নব কলেবরে সাজিয়ে তুলেছেন, পাশাপাশি নিয়ে এসেছেন আধুনিক প্রযুক্তিও। ফলে, বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হতেই ইডেনকে খেলার উপযোগী করে তোলা হয়। এদিন প্রায় দর্শকশূন্য ইডেনে শুরু হয় খেলা। এখন দেখার দ্বিতীয় দিনে কত ওভার খেলা হয়? নাকি এদিনের মতোই ভেস্তে যায় খেলা। এছাড়া থাকছে আরও একটি প্রশ্ন, অনামী শ্রীলঙ্কান বোলার যদি বিরাটদের মধ্যে এই কাঁপুনি ধরিয়ে দিতে পারেন, তাহলে পরবর্তী কালে দক্ষিণ আফ্রিকা সফরে কেমন খেলবে ভারতীয় দল? আপাতত দ্বিতীয় দিনে বৃষ্টি এবং শ্রীলঙ্কান পেসারদের সুইং সামলানোর মতোই কঠিন কাজ থাকছে পূজারাদের জন্য।
[নয়া অবতার! ইডেন টেস্টে ধারাভাষ্যকারের ভূমিকায় আশিস নেহেরা]
সর্বশেষ খবর
-
‘এক গ্লাস বিয়ার পান করুন’, জার্মানিকে হারিয়ে বললেন ইকুয়েডর কোচ
-
‘ফাঁসাবে জানলে ওর কেচ্ছা আগেই…’, চ্যাট বিতর্কে প্রাক্তনকে পালটা ইনফ্লুয়েন্সর গৌরবের, কী বলছেন স্ত্রী?
-
‘ভুল করেছি, প্রায়শ্চিত্ত করতে হবে’, তৃণমূল ছাড়লেন তারাতলা বিপর্যয়ে ব্যথিত প্রাক্তন কাউন্সিলর
-
হরমুজে পণ্যবাহী জাহাজে বড়সড় হামলা! শান্তি আলোচনার মাঝেই সিঙ্গাপুরের নৌযান ধ্বংস ইরানের
-
বিপদ হতে পারে জেনেও খরচ বাঁচাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার! তারাতলা বিপর্যয়ে প্রকাশ্যে নয়া তথ্য