Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Rohit Sharma

মাঠে নেমেই হ্যাটট্রিক! ভারতের ১০৭৮টি ওয়ানডে ম্যাচে প্রথমবার, নতুন নজির রোহিতের

আফগানিস্তান সিরিজে তিনি আদৌ খেলতে পারবেন কিনা, একটা সময়ে সেটা নিয়েই সংশয় ছিল। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাশ করে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৭:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১৭:২২

options
link
মাঠে নেমেই হ্যাটট্রিক! ভারতের ১০৭৮টি ওয়ানডে ম্যাচে প্রথমবার, নতুন নজির রোহিতের zoom
Advertisement

আফগানিস্তান সিরিজে তিনি আদৌ খেলতে পারবেন কিনা, একটা সময়ে সেটা নিয়েই সংশয় ছিল। কিন্তু ফিটনেস পরীক্ষায় পাশ করে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা। এবার মাঠে নেমে এমন এক নজির গড়লেন, যা ভারতীয় ক্রিকেটে বিরল। দীর্ঘ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১ হাজার ৭৮টি ম্যাচ খেলেছে মেন ইন ব্লু। কিন্তু রোহিত এদিন যা নজিরের মালিক হলেন, সেটা গড়তে পারেননি অন্য কোনও ক্রিকেটার।

তিন ম্যাচের আফগানিস্তান সিরিজ ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারত। শনিবার নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছেন শুভমান গিলরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমাতুল্লা শাহিদি। কিন্তু ব্যাট করতে নেমেই আফগান ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ে। মাত্র ৩৬ রানের মধ্যে পড়ে যায় চার উইকেট। টপ অর্ডার বেসামাল হয়ে যায় প্রসিদ্ধ কৃষ্ণর আগুনে বোলিংয়ে। তারকা পেসার একাই তুলে নেন পাঁচ উইকেট। রোহিতের সঙ্গে অনবদ্য নজিরের মালিক হয়েছেন তিনিও।

Advertisement

কী সেই নজির? শনিবারের ম্যাচের প্রথম তিনটি উইকেটই গিয়েছে প্রসিদ্ধর ঝুলিতে। প্রথমে রহমানুল্লাহ গুরবাজ, তারপর রহমত শাহ, সবশেষে ইব্রাহিম জাদরান-প্রসিদ্ধের বলে আউট হন সকলেই। এই প্রত্যেক ব্যাটারের ক্যাচ ধরেন রোহিত একাই। প্রথম স্লিপে গুরবাজের ক্যাচ ধরেন। দ্বিতীয় ক্যাচ ধরার জন্য প্রথম স্লিপ থেকে মিড উইকেটের দিকে অনেকটা দৌড়ে যান। কঠিন ক্যাচ ধরে ফেলেন। জাদরানের ক্যাচটাও রোহিত ধরেন প্রথম স্লিপে।

ভারতীয় ওয়ানডের ইতিহাসে এই প্রথমবার বিপক্ষের প্রথম তিনটি উইকেটের নেপথ্যে রইল একই বোলার-ফিল্ডার জুটি। এর আগে ভিভিএস লক্ষ্মণ-ইরফান পাঠান এবং শিখর ধাওয়ান-জশপ্রীত বুমরাহ জুটিও তিনটি উইকেট পেয়েছে। কিন্তু সেগুলি বিপক্ষের প্রথম তিন উইকেট ছিল না। পরপর তিন উইকেটও ছিল না। ভারতের প্রথম বোলার ফিল্ডার জুটি হিসাবে বিপক্ষের প্রথম তিন উইকেট পরপর ফেলার নেপথ্যে রইলেন রোহিত-প্রসিদ্ধ। তবে সাময়িক ধাক্কা সামলে আফগানিস্তান ঘুরে দাঁড়ায়। অধিনায়ক হাশমাতুল্লার সেঞ্চুরিতে ২১৮ রান তোলে দল। পাঁচ উইকেট প্রসিদ্ধর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.