সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই নজির রোহিত শর্মার। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে ১১ হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক। পরিসংখ্যান বলছে, চতুর্থ ভারতীয় হিসাবে ওয়ানডেতে ১১ হাজার করেছেন রোহিত। তবে বৃহস্পতিবার অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হল হিটম্যানের।
এদিন দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারত। আর সেই ম্যাচেই নতুন ইতিহাস লিখলেন ভারত অধিনায়ক। ক্রিকেট ইতিহাসের দশম ব্যাটার হিসাবে ৫০ ওভারের ক্রিকেটে তিনি ১১ হাজার রানের গণ্ডি পেরলেন। ২৭০টি ইনিংস খেলে এই নজির গড়লেন রোহিত, যা কিনা ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। ২৬১ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন বিরাট কোহলি। সেটাই দ্রুততম ১১ হাজার রানের রেকর্ড।
রোহিতের আগে ওয়ানডেতে ১১ হাজার রানের গণ্ডি পার করেছেন তিনজন ভারতীয় ক্রিকেটার। বিরাট ছাড়া এই তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং শচীন তেণ্ডুলকর। তবে রোহিতের চেয়ে বেশি ইনিংস খেলে ১১ হাজার রান করেছেন দুই প্রাক্তন ক্রিকেটার। শচীন-সৌরভের চেয়ে কম ইনিংস খেলেই তাঁদের নজির ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। যদিও ওয়ানডেতে মোট রানের নিরিখে তাঁদের চেয়ে রোহিত এখনও অনেক পিছিয়ে।
তবে নজির গড়লেও এদিন অল্পের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করলেন রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে অল্প রানের টার্গেট থাকলেও ইনিংসের শুরুর দিকে খানিকটা অস্বস্তিতে দেখাচ্ছিল ভারত অধিনায়ককে। তবে ধীরে ধীরে ছন্দে ফেরেন। মুস্তাফিজুর রহমানের এক ওভারে তিনটি বাউন্ডারি আসে তাঁর ব্যাট থেকে। কিন্তু বড় শট খেলতে গিয়েই উইকেট হারান ভারত অধিনায়ক। ৪১ রান করে তাঁকে ফিরতে হয় প্যাভিলিয়নে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?