Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Vaibhav Sooryavanshi

বড়দের সঙ্গে থাকলে ‘বখে যাবে’! ‘শিশু’ বৈভবকে ‘রক্ষা করতে’ বিশেষ পদক্ষেপ বোর্ডের

শুক্রবার দেশের হয়ে অভিষেকের হাতছানি বৈভবের সামনে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ শুরু হচ্ছে সেদিন। ইতিমধ্যেই ভারতীয় দলের জার্সিতে নিজের নাম দেখে আবেগে ভেসে গিয়েছে এই তরুণ ব্যাটার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ১৯:০৬

options
link
বড়দের সঙ্গে থাকলে ‘বখে যাবে’! ‘শিশু’ বৈভবকে ‘রক্ষা করতে’ বিশেষ পদক্ষেপ বোর্ডের zoom
বৈভব সূর্যবংশীকে সুরক্ষিত রাখতে এবার অভিনব পদক্ষেপ করতে চলেছে বোর্ড।
Advertisement

বয়স মাত্র ১৫। এইটুকু বয়সেই জাতীয় দলে ডাক। সেরকম হলে কনিষ্ঠতম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হতে পারে। সেই বৈভব সূর্যবংশীকে সুরক্ষিত রাখতে এবার অভিনব পদক্ষেপ করতে চলেছে বোর্ড। সূত্রের খবর, ভারতীয় দলের সঙ্গে বিদেশ সফরে গেলেও বিস্ময় কিশোর আলাদা থাকবে। প্রত্যেকটা ম্যাচেই বাবা-মায়ের সঙ্গে থাকবে বৈভব।

ব্রিটিশ সংবাদসংস্থা গার্ডিয়ান সূত্রে খবর, বৈভবের জন্য আলাদা চেঞ্জরুমের ব্যবস্থা করছে ইংল্যান্ড বোর্ড। কারণ আইসিসি এবং ইংল্যান্ড বোর্ডের নিয়ম অনুযায়ী, অনূর্ধ্ব ১৬ ক্রিকেটাররা সিনিয়র দলের চেঞ্জরুম ব্যবহার করতে পারবে না। শুধু খেলার সময়ে সিনিয়র ড্রেসিংরুমে থাকবে বৈভব। টিম মিটিংয়েও অংশ নেবে। কিন্তু খেলার আগে এবং পরে পোশাক পরিবর্তনের সময় তাকে আলাদা চেঞ্জরুম ব্যবহার করতে হবে। ভারতীয় দল ম্যাচ খেলতে যেখানে যাবে, সেখানে সঙ্গে থাকবেন বৈভবের বাবা-মাও।

Advertisement

গোটা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁর কথায়, সিনিয়র পর্যায়ের জাতীয় দলে ১৪-১৫ বছরের ক্রিকেটাররা সাধারণত ডাক পায় না। কিন্তু বৈভব পেয়েছে। এত কম বয়সে কেউ জাতীয় দলে ডাক পেলে নানারকম সমস্যা দেখা যেতেই পারে। বিশেষত বড়দের মধ্যে মানিয়ে নিতে বৈভবের অসুবিধা হতে পারে। সেকারণেই তাকে সর্বক্ষণ সতীর্থদের সঙ্গে রাখতে চাইছে না বোর্ড। অনেকটা সময় বাবা-মায়ের কাছে থাকবে তরুণ তুর্কি। সাইকিয়া মনে করিয়ে দিয়েছেন, বৈভব এখনও স্কুলের গণ্ডিও পেরয়নি। তাই পরিবারের সঙ্গে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

শুক্রবার দেশের হয়ে অভিষেকের হাতছানি বৈভবের সামনে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজ শুরু হচ্ছে সেদিন। ইতিমধ্যেই ভারতীয় দলের জার্সিতে নিজের নাম দেখে আবেগে ভেসে গিয়েছে এই তরুণ ব্যাটার। বৈভব বলে, “এই অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না। আমি যেদিন প্রথম ব্যাট হাতে তুলি, যেদিন থেকে প্র্যাকটিস শুরু করি, সেদিন থেকে একটাই স্বপ্ন ছিল। ভারতের জার্সি পরা। আজ সেটা সত্যি হচ্ছে। অবিশ্বাস্য মনে হচ্ছে।” এবার মাঠে নেমে আবারও বড় বড় ছক্কা হাঁকাক বৈভব, আশায় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.