Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
টি-২০ বিশ্বকাপ ২০২৬
Sanju Samson

‘জীবনের অন্যতম সেরা দিন’, স্বপ্নের ইনিংস খেলে সঞ্জু কৃতিত্ব দিলেন কোহলি-রোহিত-ধোনিকে

সঞ্জু স্যামসনের নজির গড়া ইনিংসকে ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে ভারত। তারপর সঞ্জু বললেন, 'এই ইনিংসটার জন্যই এতদিন ধরে ক্রিকেট খেলছি।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ২৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ২৩:৫৮

options
link
‘জীবনের অন্যতম সেরা দিন’, স্বপ্নের ইনিংস খেলে সঞ্জু কৃতিত্ব দিলেন কোহলি-রোহিত-ধোনিকে zoom
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতকে জেতানোর পর সঞ্জু স্যামসন। ছবি: বিসিসিআই

যত বড় ‘বঞ্চনা’, তত বড় হোক প্রত্যাবর্তন। ভারতকে জিতিয়ে যেন এটাই ইডেনের দেওয়ালে লিখে দিয়ে গেলেন সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘কোয়ার্টার ফাইনালের’ চাপ সামলে বড় রান তাড়া করে ভারতকে সেমিফাইনালে তুললেন তিনি। ৫০ বলে ৯৭ রানের ইনিংসটা হয়তো ভারতের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ম্যাচের পর সঞ্জু বলে গেলেন, এই দিনটার জন্যই এতদিন ধরে ক্রিকেট খেলেছেন। সঙ্গে কৃতিত্ব দিয়ে গেলেন পূর্বসুরী রোহিত শর্মা-বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিদের।

ইডেনের পিচে ১৯৬ রান তাড়া করাটা হয়তো অসাধ্য নয়। কিন্তু বিশ্বকাপের চাপও তো একটা ব্যাপার। চাপ! কীসের চাপ? সঞ্জু স্যামসন বোধহয় সেই শব্দটা শুনে ইডেনে নামেননি। ডাগআউটে বসে বসে হয়তো মনের মধ্যে একটা প্রতিজ্ঞা করে ফেলেছিলেন। অগ্নিপরীক্ষায় নিজেকে প্রমাণ করে ‘বঞ্চনা’র জবাব দেব! ক্যারিবিয়ানদের দুর্ভাগ্য ও ভারতের সৌভাগ্য যে এই ম্যাচটায় তিনি সঞ্জু থেকে ‘সুপার’সঞ্জু হয়ে উঠলেন। ম্যাচ জিতিয়ে মাঠেই বসে পড়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর সাজঘরে গিয়ে ব্যাটে চুম্বন। বোঝাই যাচ্ছিল, ইনিংসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। 

Advertisement

ম্যাচের পর সঞ্জু বললেন, “যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যেদিন থেকে দেশের জন্য খেলছি, সেদিন থেকে এই ইনিংসটার জন্য অপেক্ষা করেছি। আমার ক্রিকেট সফরে বহু উত্থানপতন ছিল। নিজের ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছি। ভাবতাম, আমি কি পারব? কিন্তু এই দিনটার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।”

সঞ্জুর বিশেষত্ব হল, খুব একটা জোরে মারার চেষ্টা করেন না। কিন্তু ক্লাস-টাইমিংয়ে যে টি-টোয়েন্টি শাসন করা যায়, তা ফের বুঝিয়ে দিয়ে গেলেন সঞ্জু। মাঝের দিকে ধরে ইনিংস সাজিয়েছেন। ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে গেছেন। কারও স্মৃতিতে ফিরতেই পারে ‘চেজমাস্টার’ বিরাট কোহলির কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয়দের মধ্যে কোহলিকে টপকে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন তিনি। সঞ্জু বলে গেলেন, “আমি বহু বছর ধরে এই ফরম্যাটে খেলছি। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের মতো ক্রিকেটারদের থেকে শিখেছি। সেটা আমাকে পরিপক্ব হতে সাহায্য করেছে। আমি দেখেছি এই কিংবদন্তিরা কীভাবে খেলেন, কীভাবে পরিস্থিতি অনুযায়ী খেলার গতি বদলান। সেভাবেই খেলেছি। কখনও ভাবিনি এরকম একটা ইনিংস খেলব। আজকের দিনটা আমার জীবনের অন্যতম সেরা দিন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.