সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হংকংয়ের মতো প্রতিপক্ষের কাছেও হারতে হল ভারতকে! তারপর থেকেই ফেডারেশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে ভারতীয় ফুটবলমহল। প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া সাফ জানিয়েছেন, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে পদত্যাগ করতে হবে। কারণ তিনি ভারতীয় ফুটবলকে একেবারে ধ্বংস করে দিয়েছেন।
এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হার সম্ভবত সাম্প্রতিক অতীতে ভারতীয় ফুটবলকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়ে গিয়েছে। এই হারের পর একদিকে যেমন ভারতীয় ফুটবল মহল রীতিমতো বিধ্বস্ত, অন্যদিকে তেমনই এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও রীতিমতো ক্ষীণ হয়েছে সুনীলদের। শোনা যাচ্ছে, লাগাতার ব্যর্থতার পর পদত্যাগ করতে পারেন ব্লু টাইগার্সদের কোচ মানোলো মারকুয়েজ।
তবে ভারতীয় ফুটবলে এমন কালো দিন এনে দেওয়ার জন্য ফেডারেশন সভাপতি কল্যাণকেই দায়ী করেছেন বাইচুং। ২০২২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে কল্যাণের কাছে হেরেছিলেন ‘পাহাড়ি বিছে’। এখন তাঁর অভিযোগ, দায়িত্বে থেকে ভারতীয় ফুটবলকে ধ্বংস করেছেন ফেডারেশন প্রেসিডেন্ট। একটি সাক্ষাৎকারে বাইচুং বলেন, “ভারতীয় ফুটবলকে একেবারে শেষ করে দিয়েছে কল্যাণ চৌবে। এখনই ওর পদত্যাগ করে চলে যাওয়া উচিত। একের পর এক বিতর্ক, দুর্নীতি হচ্ছে। এত মাস কেটে যাওয়ার পরেও জানা নেই আই লিগ চ্যাম্পিয়ন কে?”
এখানেই না থেমে বাইচুং আরও বলেন, “টেকনিক্যাল কমিটিকে উপেক্ষা করে মানোলোকে কোচ করা হল। তিনি এফসি গোয়ার সঙ্গেই জাতীয় দলের দায়িত্ব সামলালেন। আসলে তৃণমূলস্তরে কোনও উন্নতি হচ্ছে না। মাঠের বাইরে কেবলই খারাপ খবর। সমস্ত কিছুর প্রভাব পড়ছে জাতীয় দলের পারফরম্যান্সে।” হংকং ম্যাচ জিতলে যেভাবে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল ভারতীয় দলের জন্য, সেই পদক্ষেপকেও তোপ দেগেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
সর্বশেষ খবর
-
এক সপ্তাহ বন্ধ সুন্দরবনের সাফারি, যোগা দিবসের প্রস্তুতিতে কলকাতায় টুরিস্ট বোট, লঞ্চ
-
বিধানসভায় ফিরহাদের সঙ্গে বৈঠক, বেরিয়ে এসে ঋতব্রত বললেন, ‘এবার ৬৫’
-
শোনেনি বাবার বারণ, ঝড়বৃষ্টি দেখেই শালিকের বাচ্চা বাঁচাতে ছুটেছিল কিশোর, বজ্রাঘাতে সব শেষ!
-
কালীঘাটে কুণালকে ডিম! মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক
-
‘বুড়ো বর, সুখ পান?’, আরবাজকে কটাক্ষ করতেই মোক্ষম জবাব সলমনদের বাড়ির বউমার