ইংল্যান্ড: ৪০০ ও ১৮২/৬ (রুট-৭৭)
ভারত: ৬৩১ (কোহলি-২৩৫, জয়ন্ত-১০৪)
চতুর্থ দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরের শহরে রবিবার যেন রেকর্ড গড়ার প্রতিযোগিতা চলল সারাটা দিন৷ একে-অন্যকে ছাপিয়ে গিয়ে নতুন মাইলস্টোন গড়তে ব্যস্ত ছিলেন ভারতীয় তারকারা৷ আর ওয়াংখেড়েতে উপস্থিত কয়েক হাজার জনতা সেইসব ঐতিহাসিক মুহূর্ত তারিয়ে তারিয়ে উপভোগ করলেন৷
ক্রিকেটের নয়া রাজপুত্র বিরাটের মুকুটে ফের যোগ হল নয়া পালক৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনিরা যা করতে পারেননি, সেটাই করে দেখালেন ক্যাপ্টেন কোহলি৷ নেতৃত্বের চাপকে বরাবরই চ্যালেঞ্জ হিসেবে ধরেছেন তিনি৷ আর বিরাট যে চ্যালেঞ্জ নিতে দারুণ ভালবাসেন, তা ফের প্রমাণ করল তাঁর চওড়া ব্যাট৷ প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বছরে টেস্টে তিনটি দ্বিশতরান করে বিশ্ব ক্রিকেটে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেললেন তিনি৷ শুধু তাই নয়৷ চতুর্থ দিনেই দলকে সিরিজ জয়ের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিলেন৷ সমালোচকদের মুখ বন্ধ করার এর চেয়ে ভাল টোটকা আর কী-ই হতে পারে! টেস্ট কেরিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ রান করে গ্যালারিকে ধন্যবাদ জানিয়ে এদিন মাঠ ছাড়লেন বিরাট৷ ঠিক তাঁর আগেই যিনি প্যাভিলিয়নে ফিরলেন তাঁর কাছেও এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকল৷ অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে প্রথম টেস্ট সেঞ্চুরির অনুভূতি এক্কেবারে অন্যরকম হয়ে থাকল জয়ন্ত যাদবের কাছে৷ তবে আরও একটি কারণে স্পেশাল হয়ে রইল তাঁর শতরান৷ এর আগে ৯ নম্বরে ব্যাট করতে নেমে কোনও ভারতীয় এই কীর্তি করে দেখাতে পারেননি৷
এত গেল ব্যাট হাতে টিম ইন্ডিয়ার চতুর্থ দিনের পারফরম্যান্স৷ দ্বিতীয় ইনিংসের শুরুতেই জাদেজা (২) এবং অশ্বিন (২) ফের যেভাবে কুকদের নাস্তানাবুদ করলেন, তাতে সিরিজ জয় একপ্রকার নিশ্চিত হয়ে গেল৷ এদিন টেস্টে শততম উইকেটের মালিক হয়ে গেলেন স্যার জাদেজা৷ ভারতীয় স্পিন ঝড়ে শুরুতেই উড়ে যান নেতা কুক (১৮) এবং গত ইনিংসে সেঞ্চুরি করা জেনিংস (০)৷ দলের হাল ধরে সেই রুট ও বেয়ারস্ট জুটি৷ দিনের শেষে ৫০ রানে অপরাজিত রয়েছেন বেয়ারস্টো৷ তবে ২০০ রানের আগেই যেভাবে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারে ধস নেমেছে তাতে জয়ের জন্য হয়তো পঞ্চম দিনের পুরো সময়টাও খরচ করতে হবে না ভারতকে৷ সব ঠিকঠাক থাকলে কুকদের ইনিংসে হারিয়ে সিরিজ জিততে পারে বিরাটবাহিনী৷
এদিকে, চোটের কারণে বাকি সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলার দুই ক্রিকেটার মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহা৷ তাঁদের পরিবর্তে দলে ঢুকেছেন ভুবনেশ্বর কুমার এবং পার্থিব প্যাটেল৷ চেন্নাইয়ে পঞ্চম তথা শেষ টেস্টেও তাঁদেরই দেখা যেতে পারে৷
সর্বশেষ খবর
-
৫ জুন ২০২৬: মিথুন রাশির আজকের দিন
-
৫ জুন ২০২৬: বৃষ রাশির আজকের দিন
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার