দীপক পাত্র: শুক্রবার তেলে বেগুনে জ্বলে উঠলেন কলকাতা দলের কোচ হোসে মোলিনা৷ এত রেগে গেলেন কেন তিনি? কেন ক্ষোভে ফেটে পড়লেন?
প্রশ্ন ছিল, আপনারা তাহলে আন্ডারডগ হিসেবে শনিবার নামছেন? এটিকে কোচের উত্তর, “অনেকে আন্ডারডগ বলছেন বটে৷ কিন্তু কেন? বুঝতে পারছি না৷ হতে পারে আমরা লিগ টেবিলের চার নম্বরে৷ মুম্বই শীর্ষে৷ সেইদিক দিয়ে দেখলে ঠিকই আছে৷” এইটুকু বলেই গলার স্বর চড়িয়ে বসলেন মোলিনা৷ “কে ফেভরিট, কে আন্ডারডগ, এসব নিয়ে ভাবার সময় আমার নেই৷ যারা আন্ডারডগ বলছে বলুক৷ আমার কিছু যায় আসে না৷” কথায় ঝরে পড়ছিল একরাশ ক্ষোভ, অভিমান, দুঃখ৷ ২০ পয়েন্ট নিয়ে এটিকে চারটে দলের মধ্যে শেষে দাঁড়িয়ে৷ শুধু পয়েন্টে নয়, গোলপার্থ্যকেও মুম্বইয়ের চেয়ে পিছিয়ে৷ তারওপর পোস্তিগারা গ্রুপ লিগের খেলায় চারটে ম্যাচ জিতেছে৷ সেখানে মুম্বই জিতেছে ছ’টা৷ সেই কারণেই ফুটবলমহল তাদের আন্ডারডগ তকমা দিয়েছে৷
শনিবার সেমিফাইনালের প্রথম লেগের আগে অর্ণব মণ্ডলের চোট পেয়ে ছিটকে যাওয়া ভাবাচ্ছে কোচকে৷ কাফ মাসলে এমন চোট পেয়েছেন যে তাঁকে নিয়ে যেতে হয়েছে হাসপাতালে৷ ধারাবাহিকতা, টিম গেম সবেতেই এগিয়ে ফোরলানরা৷ বিশেষজ্ঞদের কাছে মুম্বই এগিয়ে থাকা যুক্তিসঙ্গত৷ কিন্তু ফুটবল অতীতের কাছে বশ্যতা স্বীকার করে কি? মোলিনার কথাতেই স্পষ্ট ধরা পড়ল, “১৮০ মিনিটের প্লে-অফ৷ যে চারটে দল সেমিফাইনালে উঠেছে তাদের মধ্যে কোনও ফারাক নেই৷ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব৷”
রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে লড়াইটা আসলে মুম্বইয়ের আক্রমণের সঙ্গে এটিকে-র রক্ষণের৷ ফোরলানদের বিরুদ্ধে গ্রুপ লিগের দুটো ম্যাচের একটায় আবার মোলিনাবাহিনী হেরেছে৷ তাও আবার কলকাতার মাঠে৷ পোস্তিগা, হিউমরা যেখানে গোলের রাস্তা খুঁজে পেতে দিশেহারা সেখানে ফোরলান, সোনি নর্ডি, সুনীল ছেত্রীরা গোলের মধ্যে৷ তাই সবদিক দিয়ে মুম্বই এগিয়ে৷ তবে সেসব না ভেবে নিজের ছেলেদের দিকেই মন দিচ্ছেন এটিকে কোচ৷ উল্টো দিকে, মুম্বই কোচ গুইমারেস কিন্তু নিজেদের ফেভরিট ভাবতে রাজি নন৷ বলেই দিলেন, “এটিকে এই নিয়ে তৃতীয়বার সেমিফাইনালে খেলতে নামছে৷ আমরা নামব প্রথমবার৷ আমরা আক্রমণাত্মক খেলি৷ কলকাতার দলটাও তাই৷ যেহেতু অ্যাওয়ে ম্যাচ, তাই শুরুতে ডিফেন্স জমাট রাখার চেষ্টা থাকবে৷ ভাল কিংবা মন্দ যে কোনও সময় ছেলেদের মানসিকতায় টোল খায়নি৷ এটাই আমার দলের বড় ভরসা৷”
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ