মোহনবাগান: ১ (সোনি) বেঙ্গালুরু এফসি: ১ (জর্জ)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগের পর ফেডারেশন কাপেও কি ডার্বির স্বাদ পাওয়া যাবে? গেলেও কবে? সেমিফাইনাল নাকি ফাইনালে? এ প্রশ্নই ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছিল গত কয়েকদিন ধরে৷ অবশেষে মিলল উত্তর৷ বেঙ্গালুরু এফসি-কে আটকে দিয়ে লিগ তালিকার শীর্ষে থেকেই ফেড কাপের শেষ চারে পৌঁছে গেল মোহনবাগান৷ ফলে সেমিফাইনালেই ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছেন সোনি নর্ডিরা৷ এক কথায় ওড়িশার বারাবাটি স্টেডিয়ামে নতুন করে জমে উঠল ফেড কাপ৷
[OMG! বিরাট কোহলির জীবনে নতুন প্রেম!]
দুই দলই আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ থেকে বঞ্চিত হয়েছে৷ মোহনবাগান তো মাত্র এক পয়েন্টের জন্য হাতছাড়া করেছে ট্রফি৷ তাই দুই দলের কাছেই ফেড কাপ পাখির চোখ৷ ফলে শেষ চারের লড়াই যে ‘ডু অর ডাই’ হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ ফেড কাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ শীর্ষে থাকা দল অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে সেমিতে পৌঁছনো দলের সঙ্গে লড়বে৷ সেই হিসেবেই সঞ্জয় সেনের দলের প্রতিপক্ষ ওয়েডসন-প্লাজারা৷ গত ম্যাচে শিলং লাজংকে হারিয়েই নকআউটের টিকিট পাকা করে ফেলেছিলেন সোনিরা৷
শুক্রবার আবার শিলং লাজংয়ের কাছে শিবাজিয়ান্স হেরে যাওয়ায় বাগান-বেঙ্গালুরু ম্যাচ মূলত পরিণত হয়েছিল শীর্ষস্থান দখলের৷ সেই লড়াইয়ের শুরুতেই গোল করে কাটসুমিদের খানিকটা চাপে ফেলে দিয়েছিলেন সুনীল ছেত্রীরা৷ বাগানের দুর্বল ডিফেন্সের সুযোগ কাজে লাগিয়ে বেঙ্গালুরুকে এগিয়ে দেন অ্যালুইন জর্জ৷ প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিলেন জেজে ও কাটসুমি৷ কিন্তু গোল মুখ খুলতে ব্যর্থ হন তাঁরা৷ তবে আত্মবিশ্বাসে ভাটা পড়তে দেননি৷ ৫০ মিনিটে কেন লুইসের সেন্টার থেকে ২১ গজ দূর থেকে দুরন্ত শটে গোল করে সমতা ফেরান সোনি৷ হাইতিয়ান স্ট্রাইকারের সৌজন্যে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে মাথা উচুঁ করে কাপ জয়ের লক্ষ্যে আরও খানিকটা এগিয়ে গেল টিম মোহনবাগান৷
[চলতি আইপিএল-এ ফের গড়াপেটার ছায়া, গ্রেপ্তার তিন বুকি]
শহর ছাড়ার আগে সমর্থকদের সোনি কথা দিয়েছিলেন, ট্রফি নিয়ে ফিরবেন৷ সেই কথা রাখতে তিনি বদ্ধপরিকর, প্রতিটি ম্যাচেই তার প্রমাণ দিয়েছেন বাগান স্ট্রাইকার৷ কখনও গোল করে কখনও অন্যকে দিয়ে গোল করিয়ে৷ এদিনও তার ব্যতিক্রম হল না৷ দুরন্ত ফর্মে থাকা বাগান এবার লাল-হলুদকে টপকে যেতে পারে কি না, সেটাই দেখার৷ রবিবার সেই হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষাতেই রয়েছেন ফুটবলপ্রেমীরা৷
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত