সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল যে দিকে গড়াচ্ছিল তাতে অনেকেই ধারণা করেছিলেন বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে হয়তো ১৫ বছরের কারাদণ্ডই হতে চলেছে অস্কার পিস্টোরিয়াসের৷ তবে তেমনটা হল না৷ পরিবেশ, পরিস্থিতি, অভিযুক্তর অনুশোচনা ও সংশোধনের মনোভাবকে মাথায় রেখে বুধবার ছ’বছরের কারাবাসের সাজা ঘোষণা করল প্রিটোরিয়ার আদালত৷
২০১৩ সালের ভ্যালেনটাইন্স ডে-তে বান্ধবী রিভার উপর চারবার গুলি চালিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্লেড রানার৷ সেই অপরাধের শাস্তি হিসেবে তাঁর আগেই পাঁচ বছরের জেল হাজতের সাজা হয়েছিল৷ যার মধ্যে এক বছরের সাজা ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন তিনি৷ আইন অনুযায়ী, নয়া শাস্তির অর্ধেকটা তাঁকে জেলেই কাটাতে হবে৷ বাকিটা প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে৷ আদালতের এই রায়ের বিরুদ্ধে দু’পক্ষের আইনজীবীই ফের আবেদন জানাতে পারেন৷

কালো রঙের স্যুট পরে এদিন আদালতে বিচারকের রায় মাথা নিচু করে শুনছিলেন প্যারালিম্পিকে ৬ বার সোনাজয়ী অ্যাথলিট৷ বিচারকের রায়ের বিরুদ্ধে কোনও কথা বলেননি তিনি৷ কোর্টরুমে রিভার বাবা-মা ব্যারি ও জুনও উপস্থিত ছিলেন৷ এদিন আদালতের রায় ঘোষণার পরই তাঁকে প্রিটোরিয়ার খোসি মামপুরু জেলে নিয়ে যাওয়া হয়৷
উল্লেখ্য, রিভাকে হত্যা করার দোষ স্বীকার করে নিলেও অস্কার বারবার দাবি করেছিলেন, তিনি তাঁর বান্ধবীকে ইচ্ছা করে খুন করেননি৷ তিনি ভেবেছিলেন তাঁর বাড়িতে বাইরের কেউ ঢুকে পড়েছে৷ নিজের প্রাণ বাঁচাতে ভুলবশত অন্ধকারে রিভার উপর গুলি চালিয়ে দেন তিনি৷ তবে পরে অস্কারের বিরুদ্ধে খুনের অভিযোগই ওঠে৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর