সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অলিম্পিকে দ্বিতীয় পদক পেল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি। সেই সঙ্গে ইতিহাস গড়লেন মনু। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন হরিয়ানার শুটার। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ ফলে হারিয়েছে ভারতীয় জুটি।
মঙ্গলবার পদক জয়ের ম্যাচে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম শটেই কোরিয়ার থেকে পিছিয়ে পড়েন মনুরা (Manu Bhaker)। তবে দ্বিতীয় শট থেকে ভারতীয় জুটির দুরন্ত কামব্যাক। প্রথম পাঁচ শটের পর ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলে ভারত। মাঝখানে কয়েকটা শট খারাপ হলেও লাগাতার ১০এর বেশি স্কোর করেছেন মনুরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানে কোরিয়াকে হারিয়ে ভারতকে চলতি অলিম্পিকের দ্বিতীয় পদক এনে দিলেন মনু-সরবজ্যোত।
[আরও পড়ুন: ‘শেষ পর্যন্ত লড়ে যাব’, মনুর মন্ত্রেই কামব্যাক, পিছিয়ে পড়েও ব্রোঞ্জজয় ভারতীয় জুটির]
পদক জিতে অনন্য নজির গড়লেন হরিয়ানার তরুণ শুটার। স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিক (Paris Olympics 2024) থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেন মনু। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি। তবে সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেননি। সেই ‘অসাধ্য’ সাধন করলেন ভারতের শুটার।
চলতি অলিম্পিকে জোড়া পদক জিতে আরও এক রেকর্ডের মালিক হয়েছেন মনু। সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একসারিতে বসলেন তিনি। স্বাধীনতার পরে কেবল এই দুই তারকাই দুটি করে পদক পেয়েছেন অলিম্পিকে। ২০০৮ সালে বেজিংয়ে ব্রোঞ্জের পর ২০১২ সালে লন্ডনে রুপো পেয়েছিলেন কুস্তিগির সুশীল কুমার। অন্যদিকে, ২০১৬ রিওতে রুপোর পরে ২০২০ টোকিওতে ব্রোঞ্জ এসেছিল সিন্ধুর ঝুলিতে। কিন্তু একই অলিম্পিকে দুটি পদক জিতে দুই পূর্বসূরিকে ছুঁয়ে ফেললেন মনু। চলতি অলিম্পিকে আবারও পদক জয়ের সম্ভাবনা রয়েছে তাঁর। তাহলে কি ভারতের ক্রীড়াক্ষেত্রে মনুর হাতেই লেখা হবে নতুন ইতিহাস? এক অলিম্পিক থেকে তিনটি পদক নিয়ে ফিরবেন ভারতীয় শুটার?
[আরও পড়ুন: ১২ হাজার কোটি টাকা খরচেও হল না শেষরক্ষা! শ্যেন নদীর দূষণে পিছিয়ে গেল অলিম্পিকের ইভেন্ট]
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি