সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিকে পদক জয় নিঃসন্দেহে যে কোনও অ্যাথলিটের কেরিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন৷ সেই স্বপ্ন ইতিমধ্যেই পূরণ করে ফেলেছেন পি ভি সিন্ধু৷ দুনিয়াকে চমকে দিয়ে ‘আন্ডারডগ’ হিসেবে ব্যাডমিন্টনের কোর্টে নেমে ব্রাজিল ওলিম্পিকে রুপো ঝুলিতে ভরেছিলেন৷ সুপার সানডেতে আরও একটি স্বপ্ন পূরণ হল ভারতীয় শাটলারের৷
কী সেই স্বপ্ন? রবিবার ফুজহৌ-এ চিন ওপেন সুপার সিরিজের ফাইনালে হোম ফেভরিট সান ইউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেলেন সিন্ধু৷ আর সেই সঙ্গে ব্যাডমিন্টন কেরিয়ারের প্রথম সুপার সিরিজ ট্রফি ঘরে তুললেন তিনি৷ চিনের তারকাকে এদিন ২১-১১, ১৭-২১, ২১-১১ গেমে হারিয়ে দেন তিনি৷ এর আগে গত বছর ডেনমার্ক ওপেন সুপার সিরিজের ফাইনালে উঠেছিলেন তিনি৷
যে টুর্নামেন্টে সাধারণত চিনা তারকাদের আধিপত্য দেখা যায়, সেখানে টানা তিনটি মরশুমই ফাইনালে উঠতে সফল হয়েছেন কোনও না কোনও ভারতীয় শাটলার৷ ২০১৪ সালে চিন ওপেন চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছিলেন সাইনা নেহওয়াল৷ গত বছর লি জেরুইয়ের কাছে হেরে রানার্স-আপ হয়েছিলেন তিনি৷ এবার বাকি ভারতীয়রা টুর্নামেন্ট থেকে একে একে ছিটকে গেলেও সিন্ধু ছিলেন দুরন্ত ফর্মে৷ ঠিক যে ফর্মে তাঁকে ওলিম্পিকে দেখা গিয়েছিল৷ আর তারই ফলস্বরূপ জিতে নিলেন নিজের প্রথম সুপার সিরিজ খেতাব৷
সর্বশেষ খবর
-
‘কিছু না করেই কোটি কোটি টাকা, শিখিয়েছেন মমতা’, কেষ্ট-টুলুদের ‘গুপ্তধন’ নিয়ে খোঁচা দিলীপের
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের