সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবাইকে পিছনে ফেলে তিনিই এখন বিশ্বের এক নম্বর বোলার৷ বাইশ গজে হাত ঘোরালেই ঝুলিতে ঢোকে একের পর এক উইকেট৷ বিশেষ করে ঘরের মাটিতে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছেন রবিচন্দ্রন অশ্বিন৷ ওয়াংখেড়েতে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন তামিলনাড়ুর স্পিনার ফের প্রমাণ করে দিলেন কেন তিনিই সেরা৷
এদিন বেন স্টোকসের উইকেটটি নেওয়া মাত্র নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেললেন অশ্বিন৷ টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ২৩ বার এক ইনিংসে পাঁচটি করে উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতীয় স্পিনার৷ যার মধ্যে ঘরের মাটিতে এই কীর্তি করেছেন ১৮ বার৷ আর সেই সৌজন্যে কিংবদন্তি কপিল দেবের (২৩ বার) সঙ্গে আসন ভাগ করে নিলেন তিনি৷ অশ্বিনের সামনে এখন হরভজন সিংয়ের (২৫) রেকর্ড ভাঙার হাতছানি৷
অনিল কুম্বলে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে বোলিংয়ে নতুন করে নজর কাড়ছেন অশ্বিন৷ কুম্বলের আমলেই টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ ব়্যাঙ্কিংয়ে পৌঁছেছেন৷ শুধু বোলিংই নয়, ব্যাট হাতেও চলতি সিরিজে বারবার দলের ত্রাতা হয়ে উঠতে দেখা গিয়েছে তাঁকে৷ তাঁর এই মেক-ওভারে কুম্বলের অবদান অশ্বিন আগেও স্বীকার করেছেন৷ কারণ তিনি জানেন, গুরুর রেকর্ড ছুঁতে এখনও অনেক পরিশ্রম করতে হবে শিষ্যকে৷ কারণ ভারতীয় বোলার হিসেবে এক ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার কীর্তির মুকুট সেই কুম্বলের (৩৫) মাথাতেই রয়েছে৷
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিলেন অশ্বিন৷ এর আগে ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও স্কোরবোর্ডে তাঁর নামের পাশে পাঁচ উইকেট জ্বলজ্বল করছিল৷ অশ্বিন যে গতিতে এগোচ্ছেন, খুব তাড়াতাড়ি বাকিদের ধরে ফেলতে পারবেন বলেই মনে করছে ক্রিকেটমহল৷
সর্বশেষ খবর
-
১৭ বছরের আগেই ‘মা’! স্বামীর বিরুদ্ধেই পকসো মামলা, বাল্যবিবাহ রুখতে আরও কড়া লালবাজার
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন