সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে পালিয়ে গিয়েছিল শচীন৷ কোথায় গেল চিতাবাঘটি? চিন্তায় রাতের ঘুম উড়েছিল বনদপ্তরের৷ ঘরছাড়া চিতাবাঘ হামলা চালাবে না তো? এই আতঙ্কে ত্রস্ত ছিল গোটা শিলিগুড়ি৷ যদিও শচীনের সঙ্গী চিতাবাঘ সৌরভের তা নিয়ে বিশেষ মাথাব্যথা ছিল না, অন্তত বনদপ্তরের কর্তাদের এমনই দাবি৷ শুক্রবার অবশ্য নিজেই খাঁচায় ফিরেছে শচীন। চিতাবাঘের পালিয়ে যাওয়া এবং তার প্রত্যাবর্তন, জায়গা করে নিয়েছিল সংবাদমাধ্যমে৷ এই ঘটনাই হয়ে যায় উত্তরবঙ্গের টক অফ দ্য টাউন৷ এ পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেলেন ক্রিকেট দুনিয়ার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ চিতাবাঘের বেপাত্তা হওয়ার খবর নিয়ে একটি টুইট করেছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়কের সেই টুইট এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।
[মেয়ের মিষ্টি ছবি পোস্ট করলেন রোহিত]
সাফারি পার্কে যথেষ্ট ছটফটে বলেই পরিচিত চিতাবাঘ শচীন৷ আধিকারিকদের দাবি, বেঙ্গল সাফারি পার্কে থাকলেও কোনওদিন কাটা মাংস খায়নি সে৷ বরং তার প্রিয় খাদ্য ছিল মুরগি৷ খাঁচার ভিতরে জীবন্ত মুরগি রীতিমতো শিকার করে খেত শচীন৷ তার পরিচর্যার দায়িত্বে থাকা কর্মীদেরও কখনও কাছে ঘেঁষতে দেয়নি চিতাবাঘটি৷ এহেন রাশভারী চিতাবাঘের এনক্লোজার থেকে নিরুদ্দেশ হওয়ার ঘটনা উঠে আসে সংবাদ শিরোনামে৷ কীভাবে শচীনকে খোঁজা হচ্ছে তা নিয়েও আলোচনা কম হয়নি৷ চারদিন পর আবার তার ফিরে আসাও ছিল সংবাদমাধ্যমের আলোচ্য বিষয়৷ সংবাদপত্রে এই খবর পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এই খবরের একটি কাট আউট টুইট করেছেন তিনি৷ সঙ্গে লিখেছেন, ‘‘ওয়ান অফ দ্য বেস্ট স্টোরিস…তেন্ডুলকর রিড দিস!’’
বাইশ গজে শচীন-সৌরভের জুটি নিয়ে নতুন করে কিছুই বলার নেই৷ সাফারি পার্কের শচীন-সৌরভ জুটি যদিও এক্কেবারেই বেমানান৷ বনকর্তাদের দাবি, দু’জনের অভ্যাস একেবারেই ভিন্ন মেরুর৷ এনক্লোজারে থাকা দুই চিতাবাঘ যেমনই হোক না কেন, বাইশ গজের দুই জুটি চিরকালই অনবদ্য৷ তাই তো প্রিয় ‘ছোটবাবু’-কে নিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের এহেন মজার টুইট আরও একবার সেই মাঠের বোঝাপড়ার কথাই মনে করিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের৷ ‘মহারাজ’-র এহেন রসবোধ মুগ্ধ করেছে তাঁর ফলোয়ারদের৷
One of the best stories .. Tendulkar read this @sachin_rt .. pic.twitter.com/BMuIxrYowE
— Sourav Ganguly (@SGanguly99) January 5, 2019
সর্বশেষ খবর
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
-
আইএসএল থেকে নাম তোলায় অথৈ জলে জামশেদপুর ফুটবলাররা, কী বলছেন টাটা অ্যাকাডেমির ৩ প্রাক্তনী?
-
প্রেমিকার হাত ধরেও বিকিনি পরা লাস্যময়ীর দিকে নজর! ভাইরাল মিম মনে করালেন বিশ্বকাপ সেরা রড্রি!
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা