স্টাফ রিপোর্টার: ইট-বালি-সিমেন্টের ব্যবসা নিয়ে গন্ডগোলের জেরে গুলিবিদ্ধ ইমারতি ব্যবসায়ী রাজীব নন্দী৷ বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্ক থানার বাঁশদ্রোণীতে পার্টি চলাকালীন একদল সশস্ত্র দুষ্কৃতীর হামলায় গুলিবিদ্ধ হন রাজীব৷ আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ পর পর গুলির শব্দে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাঁশদ্রোণীর জয়শ্রী ক্লাবের কাছে বিশ্বজিৎ পোদ্দারের বাড়িতে এলাহি খাওয়া-দাওয়ার আসর বসেছিল৷ পেশায় সিমেন্ট ব্যবসায়ী বিশ্বজিতের বাড়ির ছাদে চলছিল এই পার্টি৷ আমন্ত্রিত ছিল ওই এলাকারই ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও প্রোমোটাররা৷ রিজেন্ট পার্ক থানা এলাকার বাসিন্দা ইমারতি ব্যবসায়ী রাজীব নন্দী ওরফে জয় ওই পার্টিতে যোগ দেয়৷ পার্টি চলাকালীনই মোটরবাইকে চেপে একদল দুষ্কৃতী এসে হামলা চালায়৷ পর পর গুলি চালাতে থাকে৷ দুষ্কৃতীদের ছোড়া তিনটি গুলি লাগে রাজীবের শরীরে৷ আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ রাজীবের বাবা কার্তিক নন্দী জানিয়েছেন, “শুক্রবার সকাল পর্যন্ত অপারেশন করে গুলি বার করা যায়নি৷”
যাঁর বাড়িতে পার্টি চলছিল, সেই বিশ্বজিৎ পোদ্দারকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন লালবাজারের পুলিশ আধিকারিকরা৷ পুলিশকে দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, ওই এলাকারই আর এক ব্যবসায়ী জনি ও তার দলবল বৃহস্পতিবার রাতে পার্টি চলকালীন আসে৷ সেখানেই টাকাপয়সা নিয়ে গন্ডগোল বাধে রাজীব ও জনির মধ্যে৷ তারপরই জনির লোকজন গুলি চালায় বলে অভিযোগ৷ ঘটনায় নাম জড়িয়েছে হরিদেবপুর গুলি কাণ্ডে অভিযুক্ত নান্টি গোষ্ঠীর৷ পুলিশ সকাল পযন্ত দু’জনকে আটক করেছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন কলকাতা পুলিশের আধিকারিকরা৷
রাত সাড়ে ১১টা নাগাদ পাঁচ থেকে ছয় রাউন্ড গুলির আওয়াজ পাওয়া যায় বলে জানান এলাকার লোকজন৷ শুক্রবার সকালে বিশ্বজিতের বাড়িতে গিয়ে দেখা যায় মদের বোতল, খাবার ছড়িয়ে রয়েছে৷ চেয়ার-টেবিল ভাঙা৷ গোটা এলাকায় আতঙ্ক৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার