ব্রতীন দাস: ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এ অভূতপূর্ব সাফল্যের পর এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে বিশেষ অভিযানে নামছে রাজ্য৷ মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়ায় প্রশাসনিক বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী সোমবার থেকে গোটা রাজ্যজুড়েই শুরু হচ্ছে এই বিশেষ সাফাই অভিযান৷ চলবে ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস পর্যন্ত৷ সাতদিন ধরে রাজ্যের প্রতিটি ব্লক, শহর থেকে গ্রামাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ওই অভিযান হবে৷
এর আগে ঢাকঢোল পিটিয়ে ‘স্বচ্ছ ভারত’ অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু দু’বছর পর তা শুধু স্লোগানই থেকে গিয়েছে৷ সেখানে দাঁড়িয়ে পরিচ্ছন্ন বাংলা গড়ে তুলতে কার্যত চ্যালেঞ্জ নিলেন মুখ্যমন্ত্রী৷ এর আগে সৌন্দর্যায়ন কর্মসূচিতে যথেষ্ট সাফল্য পেয়েছে রাজ্য৷ সাফল্য এসেছে সবুজায়নের কর্মসূচিতেও৷ রাজ্য সরকারের প্রতিটি অনুষ্ঠানেই বৃক্ষরোপণ করা হচ্ছে৷ এবার মুখ্যমন্ত্রী জোর দিলেন পরিচ্ছন্নতায়৷ প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্ঘটনা রুখতে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ অভিযান শুরু হয়েছে বাংলায়৷ সেই অভিযানে যে পরিমাণ উৎসাহ, উদ্দীপনা ও অংশগ্রহণ দেখা গিয়েছে তাতে অনুপ্রাণিত হয়েই এবার এই পরিচ্ছন্নতার অভিযান শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ কাজটা যে যথেষ্ঠই কঠিন তা জানেন তিনি৷ আর সে কারণেই স্কুল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ক্লাব, পুজো কমিটিগুলিকেও এই অভিযানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷ কন্যাশ্রীর মেয়েদের যুক্ত করে এই অভিযানকে সামাজিক আন্দোলনের রূপ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ পরিচ্ছন্ন বাংলা গড়ে তোলার লক্ষ্যেই গোটা রাজ্যজুড়ে এই বিশেষ অভিযান শুরু হতে চলেছে বলে এদিন জানিয়েছেন তিনি৷ নির্মল বাংলা অভিযানে ইতিমধ্যেই দেশের সেরা হয়েছে রাজ্য৷ এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের পুরস্কার জিতেছে বাংলার একাধিক জেলা৷ এবার পরিচ্ছন্ন বাংলা গড়তে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর৷
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা