নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: সাত সকালে বাচ্চার চিৎকারে ঘুমে ভাঙে প্রতিবেশীদের৷ ছুটে গিয়ে ঘরের জানলা দিয়ে তাঁরা দেখতে পান বিছানায় উপুড় হয়ে পড়ে স্ত্রীর দেহ৷ মেঝেতে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় পড়ে স্বামী৷ রবিবার সকালে স্বামী-স্ত্রীর এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার মোহনপুর পঞ্চায়েত এলাকার জাফরপুর বাজারে৷ মৃত দম্পতির নাম সঞ্জয় পাল (৪০) ও সীমা পাল (৩২)৷
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সঞ্জয়বাবু কলকাতার বউবাজারে সোনার কারিগরের কাজ করতেন৷ সেখানে তাঁর দাদা সুব্রতবাবুও কাজ করেন৷ সঞ্জয়বাবু ও সুব্রতবাবু তাঁদের পরিবার নিয়ে একই বাড়িতে থাকতেন৷ লক্ষ্মীপুজোর দিন বাড়িতে পুজো হয় তাঁদের৷ প্রতিবেশীদের থেকে জানা যায়, সেদিন সঞ্জয়বাবু ও তাঁর স্ত্রী সীমাদেবী একসঙ্গে এলাকার মানুষদের মধ্যে প্রসাদ বিতরণ করেন৷ মৃতদের পরিবার সূত্রে জানা যায়, সেদিন রাতে স্বামী-স্ত্রী এক ঘরে ঘুমিয়েছিলেন৷ পাশের ঘরে ছিল তাঁদের আট বছরের ছেলে সায়ন৷ স্থানীয় একটি বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে সে৷
সঞ্জয়বাবুর বাবা সুমন্ত পালও একই বাড়িতে থাকেন৷ তিনি জানান, “ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে ফুল তুলতে যাওয়ার সময় নাতির চিৎকার শুনতে পাই৷ বাবা-মা দরজা না খোলায় জোরে চিৎকার করতে থাকে সে৷” সায়নের চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে গিয়ে জানলা দিয়ে দেখতে পান বিছানায় উপুড় হয়ে পড়ে রয়েছে সীমাদেবীর দেহ৷ বিছানায় চাপ-চাপ রক্তের দাগ৷ দেহটি নীল হয়ে গিয়েছে৷ ঘরের অন্যদিকে চোখ ফেরাতেই দেখা যায় সঞ্জয়বাবুর দেহ মাটিতে পড়ে৷ গলায় দড়ির ফাঁস দেওয়া৷ ঘরের ফ্যানেও কিছুটা দড়ি ঝুলতে দেখে বোঝা যায়, ফ্যানের থেকে ঝুলন্ত অবস্থায় দড়ি ছিড়ে মাটিতে পড়ে যায় সঞ্জয়বাবুর দেহ৷
টিটাগড় থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন সঞ্জয়৷ তবে মৃতের পরিবারের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে কোনওরকম অশান্তি ছিল না৷ তাদের আরও দাবি, আগামী ১৮ অক্টোবর মঙ্গলবার তাঁদের ছেলে সায়নের জন্মদিন৷ আত্মীয়পরিজন ও প্রতিবেশীদের নিমন্ত্রণও করেছিলেন তাঁরা৷ তবে হঠাৎ কী কারণে এই ঘটনা ঘটল তা নিয়েই রহস্য দানা বাঁধতে শুরু করেছে৷
সর্বশেষ খবর
-
আয়ুষ্মান ভারতে জালিয়াতি! ২৩৫৯ হাসপাতালকে সরাল কেন্দ্র, সাসপেন্ড ১২০০, জরিমানা ৩০০ কোটি
-
নির্দেশ অমান্য করেই জাতীয় সড়কে চলছে টোটো! হাবড়ায় মর্মান্তিক পরিণতি শিশুর
-
চাকরির ইন্টারভিউতে প্রার্থীর সঙ্গে বাবা-মা, হতবাক নিয়োগকর্তা! কেন এমন প্রবণতা জেন জি’র?
-
ফুটন্ত মোমে পুড়ছে হাত, যন্ত্রণায় চিৎকার রুবিনার! ‘ছোটি বহু’র স্টান্টবাজিতে স্তম্ভিত নেটপাড়া
-
প্রাণের রবীন্দ্রসঙ্গীতেই বিপত্তি! ভাইরাল গানই চাকরি কাড়ল নিরাপত্তারক্ষী ‘গানওয়ালার’