স্টাফ রিপোর্টার: শিক্ষিকার হাতে নিগৃহীতা ছাত্রীকে দেখতে তার বাড়িতে গেল স্কুলের প্রতিনিধিদল৷ ওই দলে ছিলেন প্রধান শিক্ষিকা সুমিতা সিনহা৷ তাঁরা ছাত্রী ও তার পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন৷ ছাত্রীর বাবা দেবব্রত সরকার জানিয়েছেন, শুক্রবার মেয়ে অনেকটাই সুস্থ হয়েছে৷ আগামী সোমবার থেকে সে স্কুলেও যাবে৷ কোনও একজন শিক্ষিকার নির্মম ব্যবহারের জন্য মেয়ের পড়াশোনা বন্ধ হতে পারে না৷ এদিন ছাত্রীর সঙ্গে দেখা করে কথা বলেন চার্চ অফ নর্থ ইন্ডিয়ার প্রতিনিধি অরবিন্দ মণ্ডলও৷ ওই শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি৷
(ছাত্রীকে কানে চড়, সাসপেন্ড শিক্ষিকা)
এদিকে ছাত্রী নিগ্রহের ঘটনায় এখনও ফেরার অভিযুক্ত শিক্ষিকা পিউস মালাকার৷ তাঁর বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীটির পরিবার৷ পুলিশ শিক্ষিকার খোঁজ করছে৷ ঘটনা প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি পিউস মালাকারকে সাসপেন্ড করেছে স্কুল কর্তৃপক্ষ৷ ঘটনার দিন বুধবার দুপুর দেড়টা নাগাদ অঙ্কের ক্লাসে খাতায় নিজের ৩৪ রোল নম্বর ভুল লিখে ফেলেছিল চতুর্থ শ্রেণির রিচা সরকার৷ কেন ভুল লিখেছে, এই অজুহাতে তাকে বেধড়ক মারধর করেন শিক্ষিকা পিউস মালাকার৷ মাত্র আট বছরের এক ছাত্রীর কানে চড় কষিয়ে দেন বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ মারধরের পরে ছাত্রীটিকে আবার নিল ডাউন করিয়ে রাখেন শিক্ষিকা৷ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে রিচা৷ রিচার কানের চারপাশে লাল দাগ দেখতে পান তার মা৷ জিজ্ঞাসা করার পর প্রথমে কিছু বলতে না চাইলেও পরে মারধরের কথা বলে সে৷ বিষয়টি জানাজানি হতেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার