সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওর লড়াই শেষ৷ সাফল্য চূড়ান্ত না হলেও ১৩০ কোটির দেশে চলতি বছরে অন্তত সর্বোচ্চ৷ আপ্লুত কাশ্মীর থেকে কন্যাকুমারী৷ শুভেচ্ছা বন্যায় ভেসে গিয়েছেন পুসরলা ভেঙ্কট সিন্ধু৷
কিন্তু অন্ধ্রপ্রদেশ না তেলেঙ্গানা, কোন রাজ্যের মাটির ফসল এই রুপোলি শস্য? তা নিয়ে জোর টক্কর দুই রাজ্যের রাজনৈতিক মহলে৷ হায়দরাবাদি শাটলারকে নিজের রাজ্যের মেয়ে হিসেবে প্রদর্শন করার জন্য চলছে ঢালাও পুরস্কার ও সম্মানের বন্যা৷
একদিকে রয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু৷ সাংবাদিক সম্মেলন করে সিন্ধুকে ৩ কোটি টাকা পুরস্কার ও উচ্চপদস্থ সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি৷ অন্যদিকে, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ তাঁর অবদান পাঁচ কোটি টাকা, ১,০০০ বর্গ গজ জমি এবং সরকারি চাকরি৷ দুই পক্ষই রুপোজয়ী অ্যাথলিটকে নিজের রাজ্যের মেয়ে বলে দাবি করছেন৷
টানাপোড়েন থেকে রেহাই পাননি কোচ পুল্লেলা গোপীচাঁদও৷ তাঁর অ্যাকাডেমিকেও এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রশেখর রাও৷ গোপীচাঁদের জন্ম অন্ধ্রপ্রদেশে৷ বড় হয়ে ওঠাও সেখানেই৷ কিন্তু, ২০০৩ সালে অভিন্ন অন্ধ্র থেকে পাওয়া যে জমির উপর তিনি নিজের ব্যাডমিন্টন অ্যাকাডেমি তৈরি করেছিলেন, তা বর্তমানে তেলেঙ্গানায় পড়ে৷
দীর্ঘ সময়ের আন্দোলনের পর অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছে তেলেঙ্গানা৷ তবে বিভক্ত হওয়ার পরও দুই রাজ্যের রেষারেষি কমেনি৷ সাধারণ মানুষ নিজেদের মতো স্থানান্তরিত হয়ে সমস্যা কিছুটা হলেও মিটিয়ে ফেলেছেন৷ কিন্তু টানাপোড়েন চলছে তারকাদের নিয়েই৷ একই টানাপোড়েন চলছে সানিয়া, সাইনাদের নিয়েও৷
সোমবার হায়দরাবাদে ফিরছেন সিন্ধু৷ তাঁর জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করছে তেলেঙ্গানা সরকার৷ অন্ধ্র সরকার এখনও সিন্ধুকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেনি৷ ফলে এ বিষয়ে এগিয়ে আছে তেলেঙ্গানাই৷ অবশ্য দুই রাজ্যে সম্মানপ্রদর্শনের টক্কর ভারতীয় অ্যাথলিটের ক্ষেত্রে এখনও পর্যন্ত লাভজনকই হচ্ছে৷
সর্বশেষ খবর
-
রাতদুপুরে দুর্নিবারের ‘দাদাগিরি!’ ‘নাগিন’ কটাক্ষ অ্যালেক্সের, বিগ বসের ঘরে তুলকালাম
-
রাতভর টানা বৃষ্টিতে ফের ভাসল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে ফের বিচ্ছিন্ন মিরিক!
-
অপহরণ করে ধর্মবদল, তারপর বিয়ে! কেঁদে ভাসালেও ২ হিন্দু কিশোরীর কথা শুনল না পাক আদালত
-
কাশ্মীরিদের জেলে পচাতে চাইছে কংগ্রেস! বন্দে মাতরম বিতর্কে পালটা ওমর আবদুল্লার
-
অবসরের পর এবার স্পেনে নতুন সাম্রাজ্য মেসির, কোন পথে এগোচ্ছেন বিশ্বজয়ী তারকা?