নন্দিতা রায়, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতার বার্তা দিতে ফোন করেন রাজ্যের দার্জিলিঙের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া৷ রাজ্য সরকারকে যে কেন্দ্র সবরকমের সাহায্য করতে প্রস্তুত রয়েছে এবং তিনি কেন্দ্র-রাজ্য সম্পর্কের এই সহযোগিতাকে এগিয়ে নিয়ে চান, তা আলুওয়ালিয়া মমতাকে জানান৷
বুধবার দুপুরে কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরে তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গের সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মন্ত্রী হওয়ার পরে মুখ্যমন্ত্রীকে ফোন করার বিষয়টি আমার দায়িত্বের মধ্যেই পড়ে বলেই আমি মনে করি৷ আমি তাঁকে গতকালই ফোন করেছিলাম৷” আলুওয়ালিয়া যে সময় ফোন করেছিলেন তখন মমতাকে ফোনে পাননি পরে মমতাই তাঁকে ফোন করে কথা বলেন৷
মমতার রাজনৈতিক সৌজন্যে তিনি যে খুশি হয়েছেন সেকথা গোপন করেননি এই নতুন কেন্দ্রীয় মন্ত্রী৷ মমতা তাঁকে আমন্ত্রণ জানালে রাজ্যের অনুষ্ঠানে হাজির থাকবেন বলেও তিনি জানান৷ এ প্রসঙ্গে বলেন, “চলতি মাসের ১২ তারিখ পাহাড়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও স্থানীয় সাংসদ হিসাবে তিনি আমাকে আমন্ত্রণ জানাতেই পারেন৷ আমন্ত্রণ পেলে যাব৷”
আর কয়েকদিনের মধ্যেই সংসদের বাদল অধিবেশন শুরু হবে৷ কেন্দ্র সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে আসার কথা৷ বিষয়টি তাঁর কাছে চ্যালেঞ্জ কিনা, তা জানতে চাওয়া হলে পোড়খাওয়া এই রাজনীতিক এদিনও মুচকি হেসে জানিয়ে দেন যে তিনি চ্যালেঞ্জ নিতে ভালবাসেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে কৃষি ও কৃষি কল্যাণ দফতর দেওয়াতে তিনি খুশি বলেও মন্তব্য করেন৷
আলুওয়ালিয়া বলেন, “রাজনীতির শুরুর দিন থেকেই শুনে আসছি এই মন্ত্রকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কথায় বলে, ভারত গ্রামে বাস করে৷ কৃষিপ্রধান দেশ আমাদের৷ এখন কৃষির পাশাপাশি কৃষকদের জন্যও ভাবা হচ্ছে৷ কৃষকরা ভাল থাকলেই যে কৃষির ভালরকম উন্নতি হবে তা সবাই বুঝেছে৷” প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন সেগুলি ভালভাবে সম্পন্ন করা ও মোদির বিকাশরথকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য বলেও আলুওয়ালিয়া এদিন জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা