সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের কাছে চেয়েও মেলেনি শববাহী যান৷ নুন আনতে পান্তা ফুরানো সংসারে বাইরে থেকে গাড়ি ভাড়া করার পয়সাও অবশিষ্ট নেই৷ তাই স্ত্রীর মরদেহ নিজের কাঁধে তুলেই শ্মশানের দিকে চললেন স্বামী৷ পাশে শুধু অঝোরে কাঁদতে থাকা কিশোরী কন্যা৷
অভাব অনটনের সংসারে যক্ষা বাসা বেঁধে ছিল আমাঙ্গের শরীরে৷ বহু চেষ্টা করেও বাঁচানো যায়নি তাঁকে৷ বিড়ম্বনা শেষ হয়নি দলিত মহিলার মৃত্যুর পরও৷ স্ত্রীর চিকিৎসায় সর্বশান্ত দানা মাঝির কাছে একটি পয়সাও ছিল না স্ত্রীয়ের মৃতদেহের বয়ে নিয়ে যেতে একটি বাহনের ব্যবস্থা করার জন্য৷ বহুবার হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছিলেন, জবাব ছিল ‘এই মুহূর্তে কোনও শববাহী যান নেই’৷
কাউকে পাশে না পেলেও শেষযাত্রায় নিজের সারা জীবনের সঙ্গীর দায়িত্ব থেকে পিছু হটেননি দানা মাঝি৷ মন শক্ত করে স্ত্রীয়ের মৃতদেহ কাঁথা-কাপড়ে জড়িয়ে তুলে নেন নিজের কাঁধে৷ একাই তাঁকে বয়ে নিয়ে হেঁটে যান ১০ কিলোমিটার পথ৷ ওড়িশার এক টেলিভিশন চ্যানেলে উঠে আসে এই মর্মান্তিক দৃশ্য৷ ওই সাংবাদিকই পরে প্রশাসনের সঙ্গে কথা বলে অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করে দেন৷
চলতি বছরের ফেব্রুয়ারিতেই ঘটা করে ‘মহাপ্রয়াণ’ প্রকল্প চালু করেছিল ওড়িশা সরকার৷ যাতে রাজ্যের ৩৭টি হাসপাতালকে শববাহী যান দেওয়া হয়েছিল৷ তারপরও এই ঘটনা কী করে ঘটল, তা খতিয়ে দেখার ভার স্থানীয় প্রশাসনের উপর চাপিয়েছেন ওড়িশার সাংসদ তথা বিজু জনতা দলের নেতা কালিকেশ সিং দেও৷
WATCH:No Vehicle, Man in Odisha’s Bhawanipatna walks 10 km carrying wife’s body,with daughter beside himhttps://t.co/DJSYRLF7O2
— ANI (@ANI_news) August 25, 2016
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন