স্টাফ রিপোর্টার: পশ্চিমবঙ্গের সব দলের বিধায়কদের মূল বেতন এবার দ্বিগুণ করার প্রস্তাব গৃহীত বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে৷ সিদ্ধান্ত হয়েছে বর্তমান বিধায়কদের মূল বেতন মাত্র পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হোক৷ যদিও মূল বেতনের এলাকার উন্নয়নের টাকা মিলিয়ে বিধায়করা পান মাসে ১৬ হাজার ৮০০ টাকা৷ নতুন এই মূল বেতন বৃদ্ধিতে বিধায়কদের সেই টাকা হবে ২১ হাজার ৮০০ টাকা৷ এছাড়াও স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেওয়ার ক্ষেত্রেও নিময় কিছুটা শিথিল করতে উদ্যোগী বিধায়কদের সুযোগ সুবিধা দেখার কমিটি৷ এতদিন মাসে চারটি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিলে বিধায়করা পেতেন ৩০ হাজার টাকা৷ কিন্তু দক্ষিণবঙ্গের দূরের জেলা ও উত্তরবঙ্গের বিধায়কদের কথা মাথায় রেখে প্রস্তাব দেওয়া হয়েছে, এখন থেকে ১৫ দিনে দু’টি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিলেই মিলবে ৩০ হাজার টাকা৷ যাঁরা প্রাক্তন বিধায়ক তাঁদের ক্ষেত্রেও কিছু সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রাক্তন বিধায়করা এতদিন ১৯ হাজার টাকার রেলের কুপন পেতেন৷ এবার থেকে তা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হল৷ স্ট্যান্ডিং কমিটির এই সিদ্ধান্তের কথা বৃহস্পতিবারই রেল মন্ত্রককে জানানো হয়েছে৷
বিধায়কদের সুযোগ-সুবিধা দেওয়া কমিটির চেয়ারম্যান তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “বিধায়কদের মূল বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রস্তাব আসছিল৷ সেই প্রস্তাব গ্রহণ করে রাজ্য সরকারের অর্থ দফতরের কাছে পাঠানো হয়েছে৷ এখন প্রস্তাবটি কার্যকর হবে কি না তা পুরোপুরি অর্থ দফতরের এক্তিয়ারভুক্ত৷” তবে বর্তমান বিধায়কদের বেতন বৃদ্ধি-সহ অন্যান্য বিষয়ে সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি রাশ টানা হয়েছে হাসপাতালের বেড ভাড়ার খরচে৷ এতদিন পর্যন্ত বিধায়করা শহরের যে কোনও হাসপাতলের যে কোনও দামের বেড ব্যবহারের সুযোগ পেতেন৷ এবার সেই সীমা সাড়ে সাত হাজার টাকায় বেঁধে দেওয়া হল৷ উল্লেখ্য উত্তরাখণ্ডের মতো রাজ্যে বিধায়কদের মূল বেতনের পরিমাণ এক লক্ষ টাকা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার