পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ চতুর্থ প্রতিবেদনে পড়ুন দক্ষিণের বেহালা এসবি পার্ক সর্বজনীনের পুজো প্রস্তুতি৷
শুভময় মণ্ডল: মানবসভ্যতার আদি অনন্ত গুরুভার বয়েছেন তাঁরা৷ আজও সেই বয়ে চলার রীতি মেনে চলেছেন ঘামঝরা মেহনতি মানুষগুলি৷ যাঁদের সমাজে পরিচয় শ্রমিক নামে৷ ইট-কাঠ-পাথরের ইমারতি সভ্যতার বিশাল ভার বয়ে তিলে তিলে মানবজাতিকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁরা৷ সভ্যতার বুনিয়াদ গড়ার নেপথ্য কারিগর সেই শ্রমজীবীদের কথা কোথাও উল্লেখ থাকে না৷ এমনকী বিশ্বের আশ্চর্য বস্তু তাজমহল নির্মাণের কারিগরদের নাম কেই বা জানে৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়, ‘ওঁরা কাজ করে নগরে প্রান্তরে’৷ জীবনের ভারে ঝুঁকে যায় কাঁধ, কিন্তু সটান শিরদাঁড়ায় বেঁচে থাকা, বাঁচিয়ে রাখার কঠিন সংকল্প৷ এমনই শ্রমজীবীদের জীবনযুদ্ধের কাহিনি শোনাতে চলেছেন থিমশিল্পী ভবতোষ সুতার৷ তাঁর সৃজনে মেহনতি মানুষদের কথা উঠে আসবে এবছর এসবি পার্ক সর্বজনীনের পুজোপ্রাঙ্গণে৷

গতবছর শিল্পী বিশ্বনাথ দের সৃজনে চাঁদের হাসি বাঁধ ভেঙেছিল এসবি পার্কের মণ্ডপে৷ এই এসবি পার্ক সর্বজনীনের থিমপুজোয় হাতেখড়ি কিন্তু বিশ্বনাথ দের হাত ধরেই৷ গত তিনবছর তিনিই ছিলেন এখানকার শিল্পী৷ এবার ভবতোষ সুতার৷ আরও এক চমক রয়েছে৷ এই পুজোর মাধ্যমেই এই প্রথম থিম সংগীতের জগতে পা রাখছেন কবীর সুমন৷ বেশ ঢাকঢোল পিটিয়েই সেই খবর ফলাও প্রচার করছেন উদ্যোক্তারা৷

এবার আসা যাক থিমের কথায়৷ ইট-কাঠ-পাথর, মানবসভ্যতার বুনিয়াদ তৈরির সব উপকরণই মজুত রয়েছে শিল্পীর ভাবনায়৷ গোটা মণ্ডপই একটি রূপক৷ শ্রমিকদের হাতে গড়া সভ্যতার বিজয় রথ এগিয়ে চলেছে৷ তার সামনে রয়েছে জীবনের ভার বয়ে নিয়ে চলা বাঁক৷ কাঠের উপর কারুকার্য করে তৈরি করা হয়েছে বাঁকের দড়ি৷

মাটি খুঁড়ে বানানো হয়েছে বাঁকের পাত্র৷ ফাইবারের তৈরি রথের চাকা৷ এমন হাজারো জিনিসের সম্ভার থাকবে মণ্ডপে যা মনে করিয়ে দেবে সভ্যতার ইতিহাসকে৷ প্রতিমা নিজেই গড়ছেন শিল্পী ভবতোষ সুতার৷ সবমিলিয়ে শ্রমজীবীদের জীবনধারা ফুটিয়ে তোলার জন্য সহশিল্পীদের নিয়ে বিরাট এক কর্মযজ্ঞে মেতেছেন শিল্পী৷ তা কতটা সার্থক হবে তা তো সময়ই বলবে৷
ভিডিওয় দেখে নিন প্রস্তুতি পর্বের ঝলক-
সর্বশেষ খবর
-
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মেরামতির কাজে দিলেন বিজেপি নেতার স্ত্রী
-
গুলি খেয়েও বেপরোয়া রণবীর কাপুর! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর রক্তাক্ত লুকে ফেরালেন ‘অ্যানিম্যাল’ স্মৃতি
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, ফয়সলা কবে? জানতে চাইল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও