স্টাফ রিপোর্টার: আরও গভীর হয়েছে নিম্নচাপ৷ তাই বৃষ্টি চলবে দিনভর৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের উপর ঘনীভূত ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে৷ তার জেরে আরও সক্রিয় মৌসুমি বায়ু৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷
জানা গিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়৷ আগামী ৪৮ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে নিষেধ করা হয়েছে৷ উপকূলবর্তী জেলাগুলোয় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে৷ দামোদর, অজয়, কংসাবতীর জলস্তর বাড়তে পারে বলে জানানো হয়েছে৷
মেঘভাঙা বৃষ্টিতে বুধবার সকাল থেকেই দুর্ভোগ সঙ্গী সাধারণ মানুষের৷ চিকিৎসকরা জানিয়েছেন, এমন আবহাওয়াতেই শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ৷ অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই৷ তাই বৃষ্টির জল যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা৷
এদিকে প্রবল বর্ষণে বিপর্যস্ত সুন্দরবনের একাধিক দ্বীপ৷ নিখোঁজ আটটি ট্রলার-সহ শতাধিক মৎস্যজীবী৷ গতকালই নিখোঁজ ছিল তিনটি ট্রলার৷ গতকাল রাত থেকে আরও পাঁচটি ট্রলারের খোঁজ মিলছে না৷ জলমগ্ন বেশ কয়েকটি গ্রাম৷ মৌসুনি দ্বীপে সমুদ্রের বাঁধ ভেঙে ভেসে গিয়েছে হাজার হাজার মানুষের বাড়িঘর৷ বিপর্যয় মোকাবিলায় নদীবাঁধের উপর নজর রাখতে জরুরি ভিত্তিতে কণ্ট্রোল রুম খোলা হয়েছে জেলার প্রতিটি ব্লকে৷ আগামী দু’দিন এই পরিস্থিতি থাকতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা৷
সর্বশেষ খবর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ