সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খানাখন্দে ভরা রাস্তা৷ দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার৷ কিন্তু সারাইয়ের কোনও ব্যবস্থা নেই৷ কোনও উদ্যোগও নেই৷ যেন এটাই নিয়তি৷ আর সেটাকেই মেনে নিয়ে রাস্তার গর্তকেই পুজো করলেন বেঙ্গালুরুর একদল পথচারী৷
দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর ‘এইচএসআর লে আউট’ এলাকায় রাস্তার বেহাল দশা দীর্ঘদিন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অধিবাসীদের৷ রোজই কোনও না কোনও দুর্ঘটনার খবর আসতে থাকে৷ অনেক চেষ্টা করেও রাস্তা সারাইয়ের কোনও ব্যবস্থা করতে পারেননি৷ সব চেষ্টা বিফল হলে, শেষমেশ রাস্তার খানাখন্দের কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনও উপায় থাকে না৷ বেঙ্গালুরুর এই এলাকার অধিবাসীরা তাই করেছেন৷ রথ(পড়ুন গাড়িঘোড়া) গেলে পথ যদি নিজেকে দেব ভাবে, তবে পথের দুর্ঘটনা থেকে বাঁচতে সেই পথ-দেবতার পুজোই সই৷ তাই খানাখন্দকেই রীতিমতো ফুলমালায় পুজো করেছেন অধিবাসীরা৷
শ্লেষাত্মক এই কাজের অবশ্য একটি বিশেষ উদ্দেশ্যও আছে৷ এই ছবি অধিবাসীরা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ চারিদিকে ছড়িয়ে পড়েছে এ খবর৷ এখন তাঁদের আশা, এরপর যদি প্রশাসনের টনক নড়ে তবে রক্ষে৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বার্তা পৌঁছেছে৷ রাস্তার বেহাল দশা সারাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে৷ অধিবাসীরা বলছেন, নিজেরা বাঁচতেই পথ-দেবতার পুজো করা হয়েছিল৷ দেখা যাচ্ছে, দেবতা তুষ্টই হয়েছেন৷ এতদিনে যে ব্যবস্থা করা যায়নি, এরপর অন্তত সেই সিস্টেমের অচলায়তনের ঘুম ভেঙেছে৷
বিদ্রোহ, বিক্ষোভ ছেড়ে বেঙ্গালুরুর অধিবাসীদের এই প্রতিবাদ নিঃসন্দেহে উৎসাহিত করবে দেশের বাকি অংশের জনসাধারণকেও৷ পথের দাবি আদায়ে অন্তত এভাবে সচেষ্ট হতে পারেন তাঁরাও৷
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার