সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশবাহিনীর বড় আদরের ছিল সে৷ বিজেপি বিধায়কের মারে তার পা ভাঙার পর সকলেই প্রাণপণ চেষ্টা করেছিলেন যাতে সে সুস্থ হয়ে ওঠে৷ কৃত্রিম পা বসিয়ে চেষ্টাও চালানো হয়েছিল৷ কিন্তু পুলিশের আদরের ঘোড়া শক্তিমান আর জীবনে ঘুরে দাঁড়াতে পারেনি৷ তবে মৃত্যুর পরও সে ফিরল অন্যভাবে৷ ফিরল মূর্তি হয়ে৷ আর তাতেও লাগল রাজনীতির রং৷
গত এপ্রিলে মারা যায় শক্তিমান৷ বিজেপি বিধায়কদের এক বিক্ষোভ-সমাবেশ প্রতিরোধ করতে পুলিশবাহিনীর সঙ্গে ছিল সে৷ সেখানেই গণেশ যোশী নামে এক বিজেপি বিধায়কের মারে তার পা ভাঙে৷ চিকিৎসার কোনও ত্রুটি ছিল না৷ প্রাথমিকভাবে ডাক্তারি চিকিৎসায় সাড়া দিলেও শেষমেশ আর লড়াই করতে পারেনি শক্তিমান৷ শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমণ ছড়িয়ে তার মৃত্যু হয়৷ পূর্ণ পুলিশি মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়৷ শক্তিমানের মৃত্যুতে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনার ঝড় ওঠে৷ গ্রেফতার করা হয় অভিযুক্ত বিধায়ককে৷ পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি৷
মৃত্যুর পর যেভাবে শক্তিমানকে সম্মান দেওয়া হল তা রীতমতো অভূতপূর্ব৷ দেরাদুনের রাস্তায় এক ব্যস্ত ক্রসিংয়ে স্থাপন করা হয়েছিল তার মূর্তি৷ যদিও এই মূর্তি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর চলছে পুরোদমে৷ বিজেপির দাবি, এই দুর্ঘটনাকে সম্বল করে আগামী নির্বাচনে ফায়দা তুলতেই এই মূর্তি তৈরি করেছে কংগ্রেস প্রশাসন৷ সমালোচকরা বলছেন, যেখানে সেনাদের কৃতিত্ব মনে রাখা হয় না, সেখানে পুলিশবাহিনীর ঘোড়ার মূর্তি তৈরি করা রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই নয়৷ এই চাপেই শেষমেশ মূর্তিটিকে সরিয়ে নেওয়া হয়৷
পুলিশ হেডকোয়ার্টারের সামনে শক্তিমানের আর একটি স্ট্যাচু বসানো হয়েছে৷ সেটিরও ভবিষ্যৎ অনিশ্চিত৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত বলেছেন, এই মূর্তি থাকবে কি থাকবে না তা পরবর্তী সরকারই ঠিক করবে৷ নির্বাচনী কৌশল হিসেবে যে এই মূর্তি তৈরি হয়নি তা স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ প্রসঙ্গত শক্তিমানের চিকিৎসার সময়ও তিনি ঘোড়াটিকে দেখতে গিয়েছিলেন৷
রাজনৈতিক বিক্ষোভ সামাল দিতে গিয়েই প্রাণ দিতে হয়েছিল শক্তিমানকে৷ মৃত্যুর পরও রাজনীতির হাত থেকে রেহাই পেল না সে৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!