Advertisement
Advertisement
West Bengal Assembly Election

নন্দীগ্রামে ‘দ্বন্দ্ব ভুলে’ শুভেন্দুর সঙ্গে কাঁধ মিলিয়ে শোভাযাত্রা দিলীপের, মনোনয়ন পেশ বিরোধী দলনেতার 

সোমবার দিলীপ ঘোষকে পাশে নিয়ে ট্যাবলো গাড়িতে চেপে শোভাযাত্রা করে এসে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

অচিন্ত বেরা
অচিন্ত বেরা

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৭:৪৮

link
অচিন্ত বেরা
অচিন্ত বেরা

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৭:৪৮

options
link
নন্দীগ্রামে ‘দ্বন্দ্ব ভুলে’ শুভেন্দুর সঙ্গে কাঁধ মিলিয়ে শোভাযাত্রা দিলীপের, মনোনয়ন পেশ বিরোধী দলনেতার  zoom
ট্যাবলো গাড়িতে চেপে শোভাযাত্রায় দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে দ্বন্দ্ব ভুলে কাছাকাছি দিলীপ-শুভেন্দু? সোমবার দিলীপ ঘোষকে পাশে নিয়ে ট্যাবলোতে চেপে শোভাযাত্রা করে এসে মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। যদিও দিলীপ মাত্র ৩০ মিনিটের জন্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। শুভেন্দুর মনোনয়ন পেশের সময় তাঁকে আর দেখা যায়নি। এদিন হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে শুভেন্দু-সহ মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষ পাঁজা ও হলদিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপকুমার বিজলিও মনোনয়ন জমা দেন। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য কিছু ভোটে হারান তিনি। রাজ্যের বিরোধী দলনেতা হন। এরপর থেকে বিজেপিতে শুভেন্দুর ক্ষমতা বাড়তে শুরু করে। দিলীপ ঘোষ সহ দলের পুরনো নেতারা সেই সময় ব্যাকফুটে চলে যান। এই নিয়ে অনেকে প্রকাশ্যে এবং ঘনিষ্ঠ মহলে ক্ষোভও উগরে দেন। দলের একাংশের বক্তব্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের আসনগুলিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও শুভেন্দুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দিলীপের গড় হিসেবে পরিচিত মেদিনীপুর থেকে তাঁকে প্রার্থী না করে বর্ধমান-দুর্গাপুরের টিকিট দেওয়া হয়। এই সিদ্ধান্তের পিছনে শুভেন্দুর ভূমিকা ছিল বলে মত দলের। বর্ধমান-দুর্গাপুরে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে বিপুল ভোটে পরাজিত হন দিলীপ। এরপর থেকে রাজনীতিতে তিনি খুব একটা সক্রিয় ছিলেন না। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। বিজেপিতে শুভেন্দুকে গুরুত্ব দেওয়া নিয়ে ঘনিষ্ঠ মহলে বিস্ফোরক মন্তব্যও করেছিলেন। ছাব্বিশের নির্বাচনের আগে ফের স্বমহিমায় দেখা যাচ্ছে দিলীপকে। তাঁকে খড়গপুর সদর থেকে প্রার্থী করেছে পদ্ম শিবির। প্রচারে নেমে ফের তিনি পুরনো ছন্দে ফিরতে শুরু করেছেন। এরই মধ্যে বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে দ্বন্দ্ব মেটাতে নেমেছে দিল্লির নেতৃত্ব। এর আগে আসরে নেমেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এবার ছাব্বিশের নির্বাচনের আগে বিরোধ ভুলে ফের কাছাকাছি দেখা গেল দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীকে।

Advertisement

সোমবার সকালে নন্দীগ্রামের রেয়াপাড়াতে পুজো দিয়ে হলদিয়ার কদমতলায় বিজয় সংকল্প সভায় যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং দলের রাজ্য ও জেলা নেতৃত্ব। এরপর সেখান থেকে ট্যাবলো গাড়িতে চেপে হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে যান শুভেন্দু। সেই ট্যাবলোতে তাঁর পাশেই ছিলেন দিলীপ ঘোষ। ৩০ মিনিটের জন্য শোভাযাত্রায় ছিলেন তিনি। এরপর ধর্মেন্দ্র প্রধান ও বিজেপির অন্য দুই প্রার্থীকে পাশে নিয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু।

মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু বলেন, “বিজেপি একটি শৃঙ্খলাবদ্ধ দল। দল যা নির্দেশ দেবে দিলীপবাবু যেমন পালন করবেন, শুভেন্দু অধিকারীও তেমনভাবেই পালন করবেন। দলের প্রতি আমি কৃতজ্ঞ।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.