ভারতীয় সংস্থার সঙ্গে ৭০ মিলিয়ান ইউরোর (ভাতীয় মুদ্রায় ৭৬৯ কোটি টাকা) অস্ত্র চুক্তিতে বিরাট গরমিল! এই বিতর্কের জেরে পদত্যাগ করেছেন এস্টোনিয়ার এক মন্ত্রী। অস্ত্র চুক্তি সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েছে ইউরোপীয় ইউনিয়নও। ঠিক কী ঘটেছে? কেন অস্ত্র কিনছিল ইউরোপের ছোট্ট দেশটি?
দীর্ঘদিন ধরে মহাশক্তি রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। প্রথম থেকেই জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এস্টোনিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘ইআরআর’ এবং অন্য সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার জন্য একটি ভারতীয় সংস্থাকে গোলার বরাত দিয়েছিল এস্টোনিয়া। ওই খরচ জুগিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। চুক্তি মতো অস্ত্র নির্মাণকারী ভারতীয় সংস্থাটিকে দফায় দফায় মোট ৭৬৮.৫০ কোটি টাকা দিয়েছিল এস্টোনিয়া।
অভিযোগ, ভারতীয় সংস্থাকে অর্থ দেওয়া হলেও পর্যাপ্ত পরিমাণ গোলা হাতে পায়নি এস্টোনিয়া। আরও অভিযোগ, যে গোলাগুলি পরে পাঠানো হয়েছে, সেগুলির গুণমান খারাপ ছিল। সংবাদমাধ্যমগুলির দাবি, ভারতের যে সংস্থাকে গোলা তৈরির বরাত দেওয়া হয়েছিল, তাদের এই সংক্রান্ত কাজের কোনও অভিজ্ঞতাই ছিল না। সম্প্রতি এস্টোনিয়ার ন্যাশনাল অডিট অফিসের তদন্তেও উঠে আসে এই গরমিল। শুরু হয় বিতর্ক। এই অবস্থায় যাবতীয় দায় নিয়ে পদত্যাগ করেছেন এস্টোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হ্যান্নো পেভকুর।
উল্লেখ্য, ইউক্রেনকে আর্টিলারি শেল সরবরাহের জন্য ২০২৪ সালে Datasel SRL নামের সংস্থার সঙ্গে চুক্তি করে এস্টোনিয়া। এই ডাটাসেল ইটালির সংস্থা হলেও ২০২৪ সালের শুরুতে ভারতের নেকো ডিফেন্স মিউনিশনস নামের একটি সংস্থা সেটিকে অধিগ্রহণ করে। যার মালিক ভারতের জয়সওয়াল নেকো গ্রুপ।
অর্থাৎ কিনা, ভারত ‘বন্ধু’ রাশিয়ার বিরুদ্ধে ভারতীয় সংস্থার তৈরি অস্ত্র ব্যবহার করছিল ইউক্রেন! ভূ-রাজনৈতিকভাবে যা তাৎপর্যপূর্ণ। যদিও গুণমানের কারণে অস্বস্তিতে পড়েছে জেলেনস্কির পাশাপাশি এস্টোনিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। দুর্নীতির অভিযোগ উঠেছে ইউরোপের দেশটির প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতীয় সংস্থার বিরুদ্ধেও। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ‘ডাটাসেল’। সংস্থার তরফে দাবি করা হয়েছে, চুক্তি বাতিল করার আগেই অধিকাংশ অস্ত্র সরবরাহ করেছে তারা। এখন একপাক্ষিক ভাবে চুক্তি বাতিল করায় তাদেরই বরং ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় কথা, প্রকাশ্যে এল— রাশিয়ার বিরুদ্ধে ভারতের অস্ত্র ব্যবহার করছে ইউক্রেন!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইন পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা, বার কাউন্সিলের সীমা লঙ্ঘন!
-
তারেক জমানাতেও দুর্গাপুজো ঘিরে শঙ্কা! ওপার বাংলায় যেতে নারাজ কুমোরটুলির প্রতিমা শিল্পীরা
-
রাহুল একাই ভোট বৈতরণী পার করাবেন, এই আশা ত্যাগ করতে হবে কংগ্রেসকে
-
আবাসের বাড়ি পেতে ‘নিউক্লিয়ার’ রেশন কার্ড, দুর্নীতি আটকাতে ‘সিস্টেম ব্লক’, অবশেষে সুরাহা
-
‘একটাও বাঁধ ভাঙেনি, ভালো কাজ ডিভিসির’, বন্যা পরিস্থিতিতে কতটা প্রস্তুত রাজ্য? বার্তা শুভেন্দুর