রাশিয়া-আমেরিকা ঠান্ডা যুদ্ধের মধ্যে চমকে দেওয়া সংবাদ প্রকাশ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়রের বিয়ের পর অনুষ্ঠিত বিলাসবহুল প্রীতিভোজ উৎসবের খরচ বহন করেছেন পুতিন ঘনিষ্ঠ এক রুশ ব্যবসায়ী। খোদ ট্রাম্প জুনিয়র এবং তাঁর স্ত্রী বেটিনা ট্রাম্প বিষয়টি স্বীকার করেছেন। প্রশ্ন উঠছে কে এই রহস্যময় ব্যবসায়ী? খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কি বিষয়টি জানেন?
প্রাথমিকভাবে ‘প্রোপাবলিকা’ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসে। যেখানে দাবি করা হয়, বিয়ে পরবর্তী অনুষ্ঠানে কয়েক লাখ ডলারের ব্যয় করেছেন উমর ক্রেমলেভ নামের ক্রেমলিন ঘনিষ্ঠ ওই রুশ ব্যবসায়ী। মূলত একটি প্রাইভেট দ্বীপ ভাড়া করা এবং দীর্ঘসময় ধরে চলা আতশবাজীর প্রদর্শনীর খরচ বহন করেন তিনি। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেটিনা ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যৌথ পোস্টে দম্পতি জানান, তাঁদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ উমার গত মে মাসে বাহামাসে অনুষ্ঠিত বিয়ে-পরবর্তী দুই রাতের আয়োজনের ব্যয় বহন করেছিলেন।
সমাজমাধ্যমের এই পোস্টে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা ট্রাম্প বলেন, ‘এটি ছিল একজন বন্ধুর পক্ষ থেকে বিয়ের উপহার।’ যদিও বিষয়টি নিয়ে রাজনীতি হচ্ছে বলে আক্ষেপ করেছেন ট্রাম্পের পুত্র ও পুত্রবধূ। তাঁদের মন্তব্য, ব্যক্তিগত ও আনন্দঘন একটি ঘটনাকে রাজনৈতিক বা সন্দেহজনকভাবে উপস্থাপন করা দুর্ভাগ্যজনক। শুধুমাত্র কারও পরিচয় বা জন্মস্থানকে কেন্দ্র করে বিতর্ক তৈরি করা হচ্ছে। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছেলের বিয়ে ও পরবর্তী অনুষ্ঠানে অংশ নেননি। সেই সময় তিনি ইরান যুদ্ধ সংক্রান্ত কাজে ওয়াশিংটনে ব্যস্ত ছিলেন।
ক্রেমলিন ঘনিষ্ট রুশ ব্যবসায়ী মার্কিন প্রেসিডেন্টের ছেলের বিয়েতে টাকা ঢেলেছেন, এই ঘটনা প্রকাশ্যে আমেরিকার সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। এরপর হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করা হয়। ওই বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, “কোনও ধারণা নেই উমর ক্রেমলেভ কে। নামও শুনিনি।” যোগ করেন, “রিপোর্ট অনুযায়ী উনি (রুশ ব্যবসায়ী) পয়সা দিয়েছেন বিয়ে পরবর্তী অনুষ্ঠানে। খুব বড় বিষয় নয়।”
এদিকে জানা গিয়েছে, উমার ক্রেমলেভ বর্তমানে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) প্রধান। আর্থিক ব্যবস্থাপনা ও নৈতিকতা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) আইবিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলেছে UPI নিয়ম, কোথায় কখন কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ? জানুন খুঁটিনাটি
-
পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব
-
সীমান্তপাচার থেকে সন্ত্রাসী কার্যকলাপ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা কেন্দ্রের
-
রুশ তেল কেনার ‘শাস্তি’, ভারতের উপর ১০০ শতাংশ শুল্কবাণের পথে আমেরিকা! বৃহস্পতিতেই চূড়ান্ত
-
দু’বছর আগে হেরেছিলেন ১০ লক্ষ ভোটে! অসমে ফের ভোট ময়দানে সেই ‘আতর সম্রাট’