Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Ukraine

ইউক্রেনের পরিস্থিতি ‘ঘোর অনিশ্চিত’, নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের

ইউক্রেন নিয়ে বিশেষ কন্ট্রোলরুম চালু করেছে বিদেশমন্ত্রক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১৪:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ১৪:৩৮

options
link
ইউক্রেনের পরিস্থিতি ‘ঘোর অনিশ্চিত’, নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে ঢুকে পড়েছে রাশিয়ার (Russia) সেনাবাহিনী। কিয়েভ, খারকভ-সহ পড়শি দেশটির সামরিক ঘাঁটিগুলিতে লাগাতার বোমাবর্ষণ করছে রুশ বিমানবাহিনী। এহেন পরিস্থিতিতে নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে সে দেশের ভারতীয় দূতাবাস। আপাতত ইউক্রেনের (Ukraine) রাজধানী কিয়েভে পাড়ি না দেওয়ার জন্য সে দেশে থাকা ভারতীয়দের নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: রুশ চক্রব্যুহে ইউক্রেন, তিনদিক থেকে হামলা পুতিন বাহিনীর, প্রাণ গেল ৭ নাগরিকের]

ইউক্রেনের ভারতীয় দূতাবাসের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, “যাঁরা কিয়েভের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা নিজের নিজের বাসস্থানে ফিরে যান। বিশেষ করে দেশের পশ্চিম সীমান্তে নিরাপদ জায়গার উদ্দেশে রওনা হন আপনারা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এই বিষয়ে আরও নির্দেশিকা জারি করা হবে।” বলে রাখা ভাল। একদিন আগেই ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় দূতাবাস। বিশ্লেষকদের মতে, ইউক্রেন ও রাশিয়া দুই দেশই ভারতের বন্ধু। ফলে এখানে আফগানিস্তান বা মধ্যপ্রাচ্যের দেশগুলির মতো প্রতিকূল পরিস্থিতি নেই। তবে ধারাবাহিক বোমাবর্ষণে যেকোনও সময় প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারে।

সূত্রের খবর, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ (Russia-Ukraine War) নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ভারত। আগামিদিনে কূটনৈতিক মঞ্চে কী পদক্ষেপ করা হবে  এবং কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা যাবে, তা ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে বিদেশমন্ত্রক। পরিস্থিতির উপর বিশেষ নজর রাখছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এদিকে, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য চব্বিশ ঘণ্টার বিশেষ কন্ট্রোলরুম শুরু করেছে বিদেশমন্ত্রক। একইসঙ্গে, নয়াদিল্লির ইউক্রেন দূতাবাসের সামনে উপস্থিত হয়েছেন বেশ কয়েকজন অভিভাবক বলে খবর। যুদ্ধজর্জর দেশটিতে পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছেন তাঁর ভাই, সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন নেহা নামের এক যুবতী।

উল্লেখ্য, ইউক্রেন নিয়ে উভয় সংকটে রয়েছে নয়াদিল্লি বলেই মত বিশ্লেষকদের। কারণ, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক ও অত্যন্ত মজবুত। সোভিয়েত জমানা থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে রুশ অস্ত্র বেশি কেনে ভারত। দুই দেশের কৌশলগত সম্পর্কও অত্যন্ত শক্তিশালী। সেই সম্পর্ক কিছুতেই নষ্ট করতে চায় না মোদি সরকার। তাই আমেরিকা সুর চড়ালেও এখনও ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি ভারত। অন্যদিকে, অস্ত্র আমদানি ও বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ভারতের সম্পর্ক ভাল। ফলে ভারসাম্যের অত্যন্ত জটিল সমিকরণ নিয়ে আপাতত উদ্বিগ্ন নয়াদিল্লি।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনে (Ukraine-Russia War) সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। অর্থাৎ কার্যত ইউক্রেন দখলের পথেই হাঁটল মস্কো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি সূত্রে এমনটাই খবর। রাশিয়ার এই চরম পদক্ষেপে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিল বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। যার বিরাট প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে।

[আরও পড়ুন: পালটা মার ইউক্রেনের, একের পর এক রুশ যুদ্ধবিমান গুলি করে নামাচ্ছে কিয়েভ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.