সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন বিচারবিভাগীয় হেফাজতেই থাকতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষাক্ত রাইসিন মেশানো চিঠি পাঠানোয় অভিযুক্ত কানাডার নাগরিক ৫৩ বছরের পাস্কেল সেসিল ভেরোনিক ফেরিয়েরকে। এমনটাই নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের বাফেলোর এক আদালত।
[আরও পড়ুন: ‘লাদাখকে ভারতের অংশ বলে মানেই না চিন’, নয়া প্ররোচনা বেজিংয়ের]
এই রায় দেওয়ার সময় বিচারক এইচ কেনেথ স্ক্রোয়েডার জুনিয়র মঙ্গলবার তাঁর রায়ে জানিয়েছেন, ফের প্রেসিডেন্টের উপর হামলার আশঙ্কা রয়েছে। ধৃত পাস্কেলকে মুক্তি দিলে তিনি ফের আমেরিকার প্রেসিডেন্টের কোনও ক্ষতি করার চেষ্টা করতে পারেন। তাই তাঁকে যেন আমেরিকার কারাগারেই রাখা হয়। আপাতত বাফেলোর একটি জেলে থাকলেও, সেখান থেকে ধৃতকে দ্রুত ওয়াশিংটনের কারাগারে সরানোর নির্দেশ দিয়েছেন বিচারক। সেখানেই ধৃতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে খুনের চেষ্টার মামলা চলবে। রায়দানের সময় বিচারক বলেন, “এই দেশের প্রেসিডেন্টদের হত্যা ও হত্যার চেষ্টার ইতিহাস রয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা জানি আব্রাহাম লিঙ্কন থেকে উইলিয়াম ম্যাককিনলে, যাঁকে এই বাফেলোতেই খুন করা হয়েছিল। রোনাল্ড রেগানকেও খুনের চেষ্টা করা হয় আর এখন এই অভিযুক্তের থেকে প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদ নন।”
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ওয়াশিংটনের ডাক বিভাগ একটি সন্দেহজনক খাম পেয়ে এফবিআইকে খবর দেয়। খামটি পাঠানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। খামের ভিতর থেকে উদ্ধার হয় রাইসিন নামের অত্যন্ত ঘাতক বিষ মেশানো একটি চিঠি। এর সামান্যতম অংশের সংস্পর্শে এলেও মৃত্যু অবধারিত। তাও আবার ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে। মার্কিন প্রেসিডেন্টের ঠিকানায় বিষ ভরতি চিঠি পাঠানোর ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০১৮ সালে একই ঘটনা ঘটেছিল। সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), এফবিআই ডিরেক্টর-সহ আরও কয়েকজনকে রাইসিন ভরতি চিঠি পাঠানো হয়। সেই ঘটনায় গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন এক ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে, বারবার ট্রাম্পের উপরে হামলার ছক কেন? ঠিক মাসখানেক আগে মার্কিন প্রেসিডেন্টের সাংবাদিক বৈঠকের সময় হোয়াইট হাউসের (White House ) বাইরে সন্দেহভাজন দুষ্কৃতীর আনাগোনা নজরে এসেছিল। সন্দেহের বশে এক ‘সশস্ত্র’ দুষ্কৃতীকে গুলিও করেন ট্রাম্পের নিরাপত্তারক্ষীরা।
[আরও পড়ুন: অমানবিক! উইঘুরদের পর এবার উতসুল মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে চিন]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!