সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ক্ষমা চাইলেন ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ। এবার ইইউ পার্লামেন্টে। এর আগে তথ্য পাচার কাণ্ডে তিনি ক্ষমা চেয়েছেন ব্রিটেনের সংবাদপত্রে ও মার্কিন কংগ্রেসে। মঙ্গলবার রাতে তথ্যফাঁস কাণ্ডে ইইউ পার্লামেন্টের মুখোমুখি হলেন ফেসবুক কর্তা। দেড় ঘণ্টা ধরে মার্ক নিজের বক্তব্য রাখলেন। পুরোটাই পার্লামেন্টের ওয়েবসাইটে লাইভ দেখানো হল। মঙ্গলবারও মার্ক পরিষ্কার বলেছেন, “তথ্যফাঁস কাণ্ড নিয়ে আরও সচেতন হতে হত। আমাদের ভুল আমরা সেটা তখন বুঝিনি। আমাকে ক্ষমা করুন।” মঙ্গলবার রাতে এই স্বীকারোক্তির সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক ও নাগরিক অধিকার কর্মীদের প্রতিনিধিরা।
[বাতিলের পথে ট্রাম্প-কিম বৈঠক! সম্ভাবনা উসকে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট]
মার্ক সবটা ঠিক করার জন্য এদিন কিছুটা সময় চেয়ে নিয়েছেন। তথ্যফাঁস কাণ্ডে মোট আট কোটি ৭০ লক্ষ ফেসবুক ইউজারের মধ্যে ইউরোপের ২৭ লক্ষ ইউজার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ইউজারদের ক্ষতিরপূরণের দায় তাঁকে নিতেই হবে। কেমব্রিজ অ্যানালিটিকার জন্য যে হয়রানি মানুষকে হতে হয়েছে তার জন্য তিনিই দায়ী। তবে সম্প্রতি তাঁর সংস্থা ফেসবুক নিরাপত্তার কথা ভেবে সেটিংসে বেশ কিছু পরিবর্তন এনেছেন। গত সপ্তাহে মার্ক যখন ইইউ পার্লামেন্টে বসবেন বলেছিলেন, তখন তাঁর বক্তব্য পুরোপুরি গোপন থাকবে বলে জানানো হয়েছিল। এমনকী, সেখানে সাংবাদিকদেরও প্রবেশ নিষেধ ছিল। মূলত ইউরোপীয় ইউনিয়নের আইনসভার সদস্যরা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় মার্কের বক্তব্য লাইভ দেখানো হবে। এমনটাই টুইটারে জানিয়েছেন পার্লামেন্টের প্রেসিডেন্ট অন্তোনিও তাজানি। তিনি লিখেছেন, “সুখবর ইউরোপের মানুষদের জন্য। কারণ, তথ্যফাঁস কাণ্ডে মার্ক জুকেরবার্গ কী কী যুক্তি দেবেন, সেগুলো এখন সবাই জানতে পারবেন।”
গত মাসে গোটা দুনিয়ার চোখ ছিল মার্কিন কংগ্রেসের দিকে। তথ্যফাঁসের ঘটনায় ফেসবুকের সিইও জুকেরবার্গকে ঠিক কতটা চেপে ধরবেন মার্কিন কংগ্রেসের সদস্যরা, তা নিয়েও জল্পনা ছিল তুঙ্গে। এবার সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে ইইউ পার্লামেন্টকে ঘিরে। এর আগে তথ্যফাঁস কাণ্ডে ক্ষমা চেয়েও কাজ হয়নি। তখন আরও একটা সুযোগ চেয়েছিলেন ফেসবুক-কর্তা মার্ক জুকেরবার্গ। মার্কিন কংগ্রেসে জুকেরবার্গ বলেছিলেন, “বড় ভুল হয়েছে আমার। মানুষ মাত্রই ভুল করে। আমিও একটা ভুল করে ফেলেছি। আর একটা সুযোগ দিন, প্লিজ।” মার্ক আরও জানান, প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভারতীয়র ব্যক্তিগত তথ্য চুরি করেছিল কেমব্রিজ অ্যানালিটিকা। বিশেষজ্ঞরা বলছেন, কেমব্রিজ অ্যানালিটিকাকে বিশ্বাস করা ভুল ছিল মার্কের। ওই বিশ্বাসের ফল ভুগছেন জুকেরবার্গ। গত সপ্তাহেই তথ্য পাচার কাণ্ডের বিস্তারিত নথি চেয়ে ফেসবুক এবং কেমব্রিজ অ্যানালিটিকা কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছে ভারত সরকার। মার্ক জুকেরবার্গ জানান, ভারতে প্রায় ২০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন।
[উপহার না দিয়ে মুম্বইয়ের সংস্থায় দান করুন, হ্যারি ও মেগানের অভিনব আবেদন]
উল্লেখ্য, এপ্রিল মাসেই ওঠে অভিযোগ। ব্রিটেনের ডেটা মাইনিং সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা বিশ্বজুড়ে ফেসবুকের প্রায় ৮৭ মিলিয়ন ইউজারের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। তার পরে প্যান্ডোরার বাক্স খুলে যায় যখন কানাডার ২৮ বছর বয়সি যুবক ক্রিস্টোফার ওয়াইলি কেমব্রিজ অ্যানালিটিকার তথ্য পাচার সংক্রান্ত খবরটি জানান। তার পরেই নড়েচড়ে বসেন ফেসবুক-কর্তা। নামীদামি সংবাদপত্রে ক্ষমা চেয়ে বিজ্ঞাপনও দিয়েছেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, এত কিছুর পরও মানুষ বিশ্বাস হারাচ্ছেন, ফেসবুকের উপরে। যেমন ফারহান আখতার। সম্প্রতি তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছেন। গত মাসেই সাধারণের তথ্য যাতে আর বেহাত না হয়, প্রাইভেসি সেটিংসে বদল এনেছে ফেসবুক। ফেসবুকের চিফ প্রাইভেসি অফিসার জানিয়েছেন, ফেসবুকের প্রাইভেসি সেটিংসে বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। যাতে তথ্য পাচার সংক্রান্ত বিতর্কের মুখে আর পড়তে না হয়।
সর্বশেষ খবর
-
‘মাঝরাতে বিছানাতে’ মানসী ম্যাজিক, আইটেম গানে কী প্রতিক্রিয়া ইন্ডিয়ান আইডল বিজয়ীর?
-
সুনিধির কণ্ঠে গান আর রুদ্ধশ্বাস সাসপেন্স, ডার্ক-থ্রিলারে প্রথমবার জুটিতে অনিন্দিতা-রণজয়
-
মহাকরণে প্রথমবার পালিত শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর
-
শেষপর্যন্ত মানবাধিকার আদালতে হার! শীঘ্রই প্রত্যর্পণ ঋণখেলাপি নীরব মোদির?
-
রামমন্দিরের চুরির টাকায় ভাইয়ের বিয়ে, ছিলেন সমাজসেবাতেও! অভিযুক্তর বাড়িতে ‘গুপ্তধন’