Odisha

বাংলা বলা ‘অপরাধ’! ‘বাংলাদেশি’ দাগিয়ে রাজ্যের শ্রমিককে মারধরের অভিযোগ বিজেপিশাসিত ওড়িশায়

মারধরে আশঙ্কাজনক ৩৪-এর আশরাফুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ২১:২৩

options
link
বাংলা বলা ‘অপরাধ’! ‘বাংলাদেশি’ দাগিয়ে রাজ্যের শ্রমিককে মারধরের অভিযোগ বিজেপিশাসিত ওড়িশায়

গোবিন্দ রায়: ফের বাংলাভাষী এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ বিজেপি শাসিত ওড়িশায়। বেধড়ক মারধরে আশঙ্কাজনক বছর ৩৪-এর আশরাফুল সানা। স্থানীয় স্বরূপনগর থানার উদ্যোগে একেবারে অচৈতন্য অবস্থায় বুধবার তাঁকে বাংলায় ফেরানো হয়েছে। বর্তমানে সারাফুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই শ্রমিক। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।

Advertisement

ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা পরিবার। তাঁদের দাবি, ”বাংলা ভাষায় কথা বলাতেই ভিন রাজ্যে আশরাফুলকে নির্মমভাবে মারধর করা হয়েছে।” অভিযুক্তদের কড়া শাস্তির দাবি পরিবারের। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেরও দাবি জানিয়েছেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার নির্মাণ গ্রামের বাসিন্দা আশরাফুল। ১৫ দিন আগে ওড়িশায় একটি নির্মাণ কাজের জন্যে গিয়েছিলেন তিনি। কাজ শেষ হয়ে যাওয়ায় গত ১৫ সেপ্টেম্বর বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু হাওড়া স্টেশনে না নেমে ভুল করে ওড়িশার সরলা রোড স্টেশনে নেমে পড়েন আশরাফুল। সেখানেই হঠাৎ করেই একদল যুবক তাঁর উপর চড়া হয় বলে অভিযোগ। বাংলায় কথা বলার ‘অপরাধে’ই নাকি বেধড়ক মারধর করা হয় তাঁকে। এমনকী বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় বলেও দাবি পরিবারের। কোনও রকমে পুরো ঘটনা পরিবারকে মোবাইলে জানান আশরাফুল।

Advertisement

এরপরেই পরিবারের তরফে স্থানীয় স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার। একইসঙ্গে আশরাফুলকে উদ্ধারের আবেদনও জানানো হয়। কিন্তু এর মধ্যেই ঘটনায় নয়া মোড় আসে! অভিযোগ, ঘটনার পর থেকে আশরাফুলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। যদিও পরে মালদা, মুর্শিদাবাদের কিছু পরিযয়ী শ্রমিকের সঙ্গে দেখা হয় তাঁর। তাঁদের মোবাইল থেকেই আশরাফুল ফের একবার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই আশরাফুলকে ফেরানোর উদ্যোগ নেন স্বরূপনগর থানার পুলিশ আধিকারিক অরিন্দম হালদার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। আজ বুধবার ভোর রাতে একেবারে অচৈতন্য অবস্থায় একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে গ্রামে ফেরানো হয়।

পরিবারের দাবি, ”বেধড়ক মারধর করা হয়েছে আশরাফুলকে। শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে।” শুধু তাই নয়, মারধরের পর কোথাও একটা আশরাফুলকে ফেলে রাখা হয়েছিল বলেও দাবি পরিবারের। ঘটনায় সুবিচারের দাবি জানিয়েছেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.