নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: ভোট যত আসছে, ততই বাড়ছে আক্রমণের ঝাঁজ৷ নির্বাচনী জনসভার মঞ্চ থেকে কংগ্রেস এবং বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ করলেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং সুব্রত বক্সি৷ নোটবন্দি, রাফালে-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় তোপ দাগেন দু’জনেই৷ জয়ের বিষয়ে একইরকম আত্মপ্রত্যয়ের সুর তৃণমূল নেতাদের গলায়৷
[ আরও পড়ুন: জল সমস্যা নিত্যসঙ্গী, সমাধানের দাবিতে শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর]
মতুয়া মহাসংঘের প্রধান বড়মার মৃত্যুর পর থেকে প্রকাশ্যে এসে গিয়েছে ঠাকুরবাড়ির কোন্দল৷ একই পরিবারের দু’জন সদস্য ভোটের লড়াইয়ে দুই যুযুধান পক্ষ৷ তৃণমূলের হয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রে লড়ছেন মমতাবালা ঠাকুর৷ অন্যদিকে, তাঁর বিপরীতে গেরুয়া শিবিরের হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ শান্তনু ঠাকুর৷ ভোটের আগে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগে প্রার্থীর পাশে দাঁড়িয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব৷ এদিন বাগদার বৈকোলায় রনঘাট অঞ্চল হাই স্কুলের মাঠে নির্বাচনী সভা করেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং সুব্রত বক্সি৷ এদিনের মঞ্চ থেকে কেন্দ্র সরকারের তুলোধনা করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ তিনি বলেন, ‘‘কাউকে না জানিয়ে প্রধানমন্ত্রী নোটবন্দি করে ভারতীয় জনতা পার্টির ৫০০ কোটি কালো টাকা সাদা করেছেন। এত বড় মিথ্যাবাদী, ফন্দিবাজ প্রধানমন্ত্রী আগে কখনও দেখিনি৷’’ সোমবারই ভাটপাড়া পুরসভায় আস্থা ভোটে পরাজিত হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিং৷ নাম না করে তাঁকে কটাক্ষ করেন খাদ্যমন্ত্রী৷ তিনি বলেন,‘‘এই জেলা থেকে বিজেপির পতন শুরু হয়েছে৷ জেলায় পাঁচটি আসনের মধ্যে সবকটি আসনেই তৃণমূল জিতবে৷ বাংলায় ৪২-এ বিয়াল্লিশই হবে।’’
[ আরও পড়ুন: প্রথম দফার ভোটের আগে অপসারিত কোচবিহারের পুলিশ সুপার]
জ্যোতিপ্রিয় মল্লিকের মতো কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানান সুব্রত বক্সিও৷ তিনি বলেন, ‘‘কংগ্রেসের গায়ে টু-জি, কয়লা কেলেঙ্কারি লেগেছিল৷ তাই কংগ্রেসকে সরকার থেকে চলে যেতে হয়েছিল। বিজেপির গায়ে লেগেছে রাফালে কেলেঙ্কারি৷ তাই সরকার থেকে বিজেপি তোমাকে যেতে হবে৷’’ এদিন তিনি আরও বলেন, ‘‘ইতিহাস বলছে যত কেন্দ্রীয় বাহিনী আসবে, তত ফল ভাল হবে তৃণমূলের।’’ জয়ের ব্যাপারেও সমান আত্মপ্রত্যয়ী তিনি৷ এদিনের কর্মিসভায় সুব্রত বক্সি, জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, শংকর আঢ্য-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
যুক্তি-তর্ক-গপ্পে বছরব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শ্যামাপ্রসাদের, প্রতি জেলায় কমিটি গড়ল নবান্ন
-
অন্যের জমি দখল করে বাগানবাড়ি! এবার বহরমপুরে তৃণমূল যুব-নেতার বাড়িতে চলল বুলডোজার
-
আগামী বছরের শুরুতেই ভারতে আসছেন ট্রাম্প! জানালেন মার্কো রুবিও
-
রাম মন্দির চুরিতে উদ্ধার ৮০ লক্ষ! পুলিশ হেফাজতে অভিযুক্তরা, ‘রাঘব বোয়াল’দের নিয়ে প্রশ্ন
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ