মণ্ডপে আলোর ঝলকানি থাক, কিন্তু সেই আলো যেন কোনওভাবেই পৌঁছে না যায় আকাশপথে। দুর্গাপুজোর উৎসবকে কেন্দ্র করে লেজার শোয়ের আয়োজন নিয়ে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন। সেনা বিমান চলাচলের নিরাপত্তার কথা মাথায় রেখে কাঁকসার পুজো কমিটিগুলিকে লেজার শো না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
প্রশাসনের আশঙ্কা, আকাশের দিকে তাক করে থাকা শক্তিশালী লেজার রশ্মি বিমানচালকদের দৃষ্টিতে বিঘ্ন ঘটাতে পারে। তাই উৎসবের মরশুমে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড়ে রয়েছে গুরুত্বপূর্ণ বায়ুসেনা ছাউনি। একই সঙ্গে দুর্গাপুরে রয়েছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। পানাগড় ও সংলগ্ন আকাশপথ দিয়ে বায়ুসেনার বিমান চলাচলের পাশাপাশি যাত্রীবাহী বিমানও যাতায়াত করে। ফলে দুর্গাপুজোর সময় মণ্ডপগুলিতে আলোকসজ্জা কিংবা লেজার শোয়ের কারণে বিমান চলাচলে কোনও ধরনের সমস্যা তৈরি হতে পারে কি না, তা নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। দুর্গাপুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায়। বড় পুজোর পাশাপাশি থিমের মণ্ডপ, বিশেষ আলোকসজ্জা এবং নানা ধরনের আলোর প্রদর্শনী এখন উৎসবের অন্যতম আকর্ষণ। তার মধ্যে লেজার শো-ও বেশ কিছু পুজোয় জনপ্রিয়। কিন্তু পানাগড়ের মতো গুরুত্বপূর্ণ বিমান চলাচলের এলাকার ক্ষেত্রে এই ধরনের আলোর ব্যবহার নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন বলেই মনে করছে প্রশাসন।
এই বিষয়টি সামনে রেখেই কাঁকসায় পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে ব্লক প্রশাসন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার। তিনি বলেন,”পুজোর দিনগুলিতে যাতে কোনও পুজো কমিটি প্রশাসনের নির্দেশ অমান্য করে লেজার শো না করে, তার জন্য কাঁকসা থানার পুলিশকে বাড়তি নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কাঁকসা থানার পুলিশকে বিষয়টি বিশেষভাবে নজরে রাখার কথাও বলা হয়েছে।”
উল্লেখ্য, ২০২১ সালে খাস কলকাতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর বুর্জ খালিফার আদলে মণ্ডপ তৈরি হয়েছিল। সেই বার লেজার শোয়ের বন্দোবস্ত করেছিল পুজো উদ্যোক্তা। এই পুজো কলকাতা বিমানবন্দরের খুব কাছাকাছি অবস্থিত। তাই বিমান অবতরণের সময় লেজারের লাইটের জন্য় সমস্যায় পড়েন পাইলটরা। এরপরেই পুজোর মধ্যেই সেই লেজার শো বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছিল মণ্ডপের আলোও। এবার সেই রকম পরিস্থিতি এড়াতে আগে থেকেই ব্যবস্থা নিল দুর্গাপুর প্রশাসন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চোটে জর্জরিত দল, ভাঙাচোরা ব্রিগেড নিয়েই এশীয় মঞ্চে নামছে ইস্টবেঙ্গল
-
নীতা আম্বানির ৩৬লাখি নেকপিসে ভারতীয় ঐতিহ্যের ঝলক, সাধ্যের মধ্যে কীভাবে পাবেন এমন লুক?
-
বদলেছে UPI নিয়ম, কোথায় কখন কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ? জানুন খুঁটিনাটি
-
পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব
-
সীমান্তপাচার থেকে সন্ত্রাসী কার্যকলাপ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা কেন্দ্রের