সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে মেঘলা আকাশ৷ সঙ্গে অতিরিক্ত আর্দ্রতা৷ দু’য়ে মিলে সপ্তাহের শুরুতেও গলদঘর্ম অবস্থা আপামর বঙ্গবাসীর৷ প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর৷ হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ৷ পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি৷ ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারেও৷ তবে তার জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমবে কিনা, সে বিষয়ে সন্দিহান আবহাওয়াবিদরা৷
[আরও পড়ুন: জঙ্গলমহলে ভোটের মেনু থেকে বাদ অনুব্রতর হিট দাওয়াই ‘নকুলদানা’]
শুরু থেকেই একেবারে হাঁকিয়ে ব্যাটিং করছে গ্রীষ্ম৷ সকাল থেকে সূর্যের চোখরাঙানিতে কাহিল শহর থেকে শহরতলির মানুষ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ৷ বৈশাখের শেষ সপ্তাহেই তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই৷ সঙ্গে দোসর অতিরিক্ত আর্দ্রতার উপস্থিতি৷ একে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং তার সঙ্গে বেশি আর্দ্রতা৷ দু’য়ে মিলে ত্রাহি ত্রাহি রব তুলেছেন সাধারণ মানুষ৷ ইতিমধ্যেই তীব্র গরমে প্রাণহানিও হয়েছে বেশ কয়েকজনের৷ সোমবারও রাজ্যের পরিস্থিতি একইরকম৷ এদিন সকাল থেকে আকাশের মুখভার৷ প্রচণ্ড আর্দ্রতার উপস্থিতিতে বজায় রয়েছে একইরকম অস্বস্তি৷ ঘেমে নেয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে সাধারণ মানুষকে৷ আট জেলায় এদিনও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে৷
[ আরও পড়ুন: পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ, ভোটের পরই অপসারিত বাঁকুড়ার জেলাশাসক]
তবে, এই গরমের মাঝেই কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস৷ সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার এবং বুধবার টানা দু’দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ উত্তরের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা৷ তবে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ আদৌ নামবে কিনা, তা নিয়ে এখনও কিছুই বলতে পারছেন না আবহবিদরা৷ এই পরিস্থিতিতে প্রচণ্ড গরম থেকে বাঁচতে নানা সতর্কতা জারি করেছেন চিকিৎসকরা৷ পথেঘাটে তাপ থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করে, তবেই বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
নাসিরুদ্দিন শাহ, জিম সর্ভের দ্বৈরথে কতটা জমল ‘মেড ইন ইন্ডিয়া: এ টাইটান স্টোরি’? পড়ুন রিভিউ
-
‘দেড় বছরের নাতনি রোজ মোদি-নাম জপে’, রাহুল-আথিয়াকন্যার ‘সিক্রেট’ ফাঁস দাদু সুনীল শেট্টির
-
‘বেকার গৌরব চা-সিগারেটের টাকাও নিত অন্তরার থেকে, খ্যাতি পেতেই বাড়ায় দূরত্ব’, গোপন তথ্য ফাঁস ‘বন্ধু’দের
-
ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েই আইরিশ দলে, টিম ইন্ডিয়াকে উড়িয়ে দেওয়া কে এই ‘ভারতীয়’ বোলার?
-
বসিরহাটে দ্রুত উপনির্বাচনের দাবি বিজেপির, শুরু প্রস্তুতিও