Udayan Guha

ডিনারে ডাল-রুটি, লকআপের মেঝেতেই রাত কাটল উদয়নের!

ডিনারে ডাল আর রুটি। পুলিশ হেফাজতে লকআপের ভিতরে প্রথম রাতটা মেঝেতে শুয়ে-বসেই কাটালেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিশেষ কোনও আবদার না থাকলেও লকআপের ভিতর এক রাতেই নাভিশ্বাস উঠে গিয়েছে তাঁর। তাই ভোর হতে না হতেই লকআপের ভিতরেই পায়চারি করতে শুরু করে দিয়েছিলেন।

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: জুন ২০, ২০২৬, ১২:৩৬

options
link
ডিনারে ডাল-রুটি, লকআপের মেঝেতেই রাত কাটল উদয়নের!
ফাইল ছবি।

ডিনারে ডাল আর রুটি। পুলিশ হেফাজতে লকআপের ভিতরে প্রথম রাতটা মেঝেতে শুয়ে-বসেই কাটালেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। বিশেষ কোনও আবদার না থাকলেও লকআপের ভিতর এক রাতেই নাভিশ্বাস উঠে গিয়েছে তাঁর। তাই ভোর হতে না হতেই লকআপের ভিতরেই পায়চারি করতে শুরু করে দিয়েছিলেন। এদিকে শুক্রবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এনে বিজয় সাহা নামে দিনহাটা শহরের আরো এক বাসিন্দা উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

সিপিএমের পক্ষ থেকেও অন্তত ৫৫ জনের তালিকা ও তথ্য দিয়ে দিনহাটা থানায় দাবি করা হয়েছে, তাঁদের কাছ থেকে উদয়ন গুহ চেয়ারম্যান থাকার সময় আবাস যোজনার নামে বেআইনিভাবে অর্থ সংগ্রহ করেছেন। তবে পুলিশ হেফাজতে থাকা উদয়নবাবুর পাশে দাঁড়াতে এদিন দিনহাটার বাড়িতে এসে পৌঁছেছেন তাঁর স্ত্রী শাশ্বতী গুহ সহ পরিবারের কয়েকজন সদস্য। তাঁদের বাড়িতে ফেরার খবর পেয়ে বিজেপির বিক্ষুব্ধ নেতা দীপ্তিমান সেনগুপ্ত তাদের বাড়িতে গিয়ে দুপুরের খাবার পৌঁছে দেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে বিজেপি কর্মী-সমর্থকরা দীপ্তিমান সেনগুপ্তর বাড়িতে হামলা চালিয়েছেন বলেই অভিযোগ ওঠে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অভিযোগ, তাঁর বাড়িতে থাকা সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়। গোটা ঘটনায় বিজেপি কর্মী সমর্থকের দিকেই দীপ্তিমান সেনগুপ্ত অভিযোগ করেছেন। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দলের নেতৃত্ব।

Advertisement

এদিন অবশ্য উদয়নের স্ত্রী শাশ্বতী গুহ সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে চাননি। তবে এদিন অভিযোগ দায়ের করার পর বিজয় সাহা জানিয়েছেন, আবাস যোজনায় ঘর পাওয়ার পর তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। অথচ তাকে কুড়ি হাজার টাকা রসিদ দেওয়া হয়। এতদিন তিনি ভয়ে আতঙ্কে অভিযোগ জানাতে পারেননি, এদিন অভিযোগ জানিয়েছেন। সিপিএম নেতা শুভ্রালোক দাস বলেন, এদিন ৫৫ জনের তালিকা তারা থানায় জমা দিয়েছেন। তথ্য-সহ সেই তালিকা দেওয়া হয়েছে সেখানে প্রত্যেকের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে আবাস যোজনার জন্য টাকা নেওয়া হয়েছে।

Advertisement

দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকার সময় উদয়ন গুহ এই টাকা নিয়েছেন বলে অভিযোগ। এই ঘটনাগুলোর যাতে সঠিকভাবে তদন্ত হয় সেই দাবি তাঁরা জানিয়েছেন। অপরদিকে জনরোষ এড়াতে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে থানার মধ্যেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর প্রতিদিন স্বাস্থ্য পরীক্ষা করানোর পরিকল্পনা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.