Dev Dadagiri

শুটিং ফ্লোরে দেবের ‘দাদাগিরি’, টিমের সঙ্গে ছবি পোস্ট করে নতুন ‘দাদা’ লিখলেন…

জানা যাচ্ছে, জুলাই থেকেই 'দাদা' রূপে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন মেগাস্টার দীপক অধিকারী তথা মেগাস্টার দেব। তার আগে জোরকদমে চলছে 'দাদাগিরি'র প্রচার। শুটিং ফ্লোর থেকে ছবি পোস্ট করলেন দেব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৬, ১৯:৫৭

options
link
শুটিং ফ্লোরে দেবের ‘দাদাগিরি’, টিমের সঙ্গে ছবি পোস্ট করে নতুন ‘দাদা’ লিখলেন…
শুটিং ফ্লোরে দেবের 'দাদাগিরি'

‘দাদাগিরি’ আর সৌরভ গঙ্গোপাধ্যায় পরস্পরের সমার্থক। এযাবৎকাল আপামর দর্শককুলের কাছে এটাই সমীকরণ। তবে, নতুন রূপে নতুন সাজে এবার টেলিভিশনের পর্দায় ‘দাদাগিরি’ করতে আসছেন একাধারে অভিনেতা ও সাংসদ দেব। ‘দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়’-এটাই নতুন শেয়ের পাঞ্চলাইন। যা ইতিমধ্যেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে শোয়ের প্রোমো। তবে কবে থেকে সম্প্রচার শুরু সেবিষয়ে চ্যানেলের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। যতদূর জানা যাচ্ছে, জুলাই থেকেই ‘দাদা’ রূপে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন মেগাস্টার দীপক অধিকারী তথা মেগাস্টার দেব। তার আগে জোরকদমে চলছে ‘দাদাগিরি’র প্রচার। আর সেই প্রচারের ময়দানে হাজির খোদ সঞ্চালক দেব।

Advertisement

সমাজমাধ্যমে একের পর এক পোস্টে দর্শকের উন্মাদনার পারদ চড়াচ্ছেন সুপারস্টার। শনিবার ‘দাদাগিরি মোড অন’ ক্যাপশনে শুটিং সেট থেকে ছবি পোস্ট করলেন দেব। সৌরভের জুতোয় পা গলানোর গুঞ্জনটা অনেকদিনের। একমাসব্যাপী জল্পনার পর মঙ্গলবার জি বাংলার পর্দায় ‘দাদা’ হিসেবে আত্মপ্রকাশের খবরে সিলমোহর দেন দেব স্বয়ং। এপ্রিল মাসের শেষ নাগাদ কলকাতার অলি-গলি থেকে গঙ্গার ঘাটে ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। কিন্তু সেসময়ে কাকপক্ষীতেও টের পেতে দেননি। তবে জীবনের এই নতুন জার্নি দেবের কাছে বিরাট চ্যালেঞ্জ তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
প্রচারের ময়দানে দেব

সিনেমার পর্দা হোক বা রাজনীতির ময়দান, দেব যে চ্যালেঞ্জ নিতে অকুতোভয়! ছোট পর্দার ক্ষেত্রেও যে সেই স্বাতন্ত্র্য বজায় রাখবেন বলেই আশাবাদী দেবভক্তরা। ইনস্টা স্টোরিতে নিজের মনের অবস্থা শেয়ার করেছিলেন দেব লিখেছিলেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। নতুন জার্নি শুরু করছি।’ একদশকের বেশি সময় সৌরভের লিগ্যাসি। সঞ্চালক হিসেবে মহারাজের সঙ্গে দেবের তুলনা যে আসবে, সেটা তো খুবই স্বাভাবিক। সুপারস্টারের বাচনভঙ্গী নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই! এক মিনিট কুড়ি সেকেন্ডের প্রোমোয় সুপারস্টারকে দুরু-দুরু বুকে এও বলতে শোনা যায় যে, ‘কোথায় দাদা আর কোথায় আমি…’।

Advertisement
দেবের দাদাগিরি শুরু!

সৌরভের জুতোয় পা গলানোর প্রাক্কালে সংকোচ বোধ করছিলেন তিনি। এমতাবস্থাতেই সেটে হঠাৎ দেখা যিশু-আবিরের সঙ্গে। সংশ্লিষ্ট চ্যানেলের দুই সুপারস্টার সঞ্চালক তাঁরা। যিশু-আবিরই শেষমেশ দেবকে ‘দাদাগিরি’ করতে রাজি করালেন। তিন সুপারস্টারকে নিয়ে শোয়ের এহেন প্রোমোই এখন চর্চার শিরোনামে। এবার শুধু শো শুরুর অপেক্ষা। সেখানে ‘গুগলি মহারণে’ কেমন চমক দেন দেব? সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীকুল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.